কপ৩১, প্রতিশ্রুতির বাইরে দৃশ্যমান অগ্রগতির অপেক্ষা
জলবায়ু পরিবর্তনের অভিঘাতে পৃথিবী যখন ক্রমেই উত্তপ্ত, তখন আরেকটি আন্তর্জাতিক সম্মেলনের টেবিলে বসেছে বিশ্ব। লক্ষ্য পুরোনো- কার্বন নিঃসরণ কমানো, ক্ষতিগ্রস্ত দেশগুলোর পাশে দাঁড়ানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করা।
কপ থেকে প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি এলেও বাস্তবের পৃথিবীতে বিপর্যয় থামছে না। এমন এক অনিশ্চিত সময়ে তুরস্কের আনতালিয়ায় শুরু হয়েছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ৩১। সম্মেলন ঘিরে এক লাখের বেশি মানুষের সমাগমের প্রত্যাশা থাকলেও বড় কোনো সিদ্ধান্ত কিংবা দৃশ্যমান অগ্রগতি আসবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
সোমবার শুরু হওয়া এই সম্মেলনে যোগ দিচ্ছেন বিশ্বের প্রায় ১৯০টি দেশের প্রতিনিধিসহ বিভিন্ন দেশের নেতারা। তবে এতে থাকছে না যুক্তরাষ্ট্র। আয়োজক দেশের প্রতিনিধিদের প্রত্যাশা, এবারের আলোচনা যেন কেবল প্রতিশ্রুতির আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে। এমন কিছু অর্জন করতে হবে, যা সাধারণ মানুষও বাস্তবে অনুভব করতে পারে। অস্ট্রেলিয়ার জলবায়ু ও জ্বালানিমন্ত্রী এবং সম্মেলনের আলোচনার সভাপতি ক্রিস বোয়েনের ভাষায়, নিঃসরণ কমানো ও জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নে এমন অগ্রগতি প্রয়োজন, যা আগের সম্মেলনগুলোর চেয়ে এক ধাপ এগিয়ে থাকবে।
কিন্তু সেই অগ্রগতির পথে বাধা কম নয়। জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতির দায় কে নেবে, অর্থের জোগান আসবে কোথা থেকে—এসব প্রশ্নে ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে দীর্ঘদিনের মতবিরোধ এখনো কাটেনি। অন্যদিকে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর গতিও প্রত্যাশার তুলনায় ধীর। ২০১৫ সালের প্যারিস চুক্তিতে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি প্রাক্-শিল্পযুগের তুলনায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, সেই সীমাও ইতিমধ্যে অতিক্রম করেছে পৃথিবী।
স্বল্পোন্নত ৪৪টি দেশের আলোচকগোষ্ঠীর সভাপতি আদাও সোয়ারেস বারবোসার মতে, তাপমাত্রা বৃদ্ধির সীমা ছাড়িয়ে গেলেও তা কতটা বাড়বে এবং কত দিন বেশি থাকবে, সেটি নিয়ন্ত্রণে রাখা জরুরি। একই সঙ্গে দরকার সহজলভ্য ও অনুমানযোগ্য জলবায়ু অর্থায়ন, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং চরম আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলোর জন্য কার্যকর সহায়তা। তাঁর বক্তব্য, এটি কেবল রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় নয়, বরং মানুষের বেঁচে থাকার প্রশ্ন। প্যারিস চুক্তির সাফল্য প্রতিশ্রুতির সংখ্যায় নয়, বরং সেই প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হয়েছে এবং বিপন্ন মানুষের জীবন কতটা সুরক্ষিত হয়েছে, তার ওপর নির্ভর করবে।
এবারের সম্মেলনের আয়োজনেও রয়েছে ব্যতিক্রম। তুরস্কের আনতালিয়ায় সম্মেলনের ভেন্যু হলেও আনুষ্ঠানিক আলোচনার সভাপতিত্ব করছে অস্ট্রেলিয়া। দুই দেশের সমঝোতার ভিত্তিতে এই যৌথ আয়োজন। বিশেষ করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ছোট দ্বীপরাষ্ট্রগুলোর অস্তিত্ব রক্ষার বিষয়টি আলোচনায় গুরুত্ব দিতে চায় অস্ট্রেলিয়া। দেশটির বক্তব্য, বৈশ্বিক জলবায়ু অর্থায়নের মাত্র শূন্য দশমিক ২ শতাংশ পায় এসব দ্বীপরাষ্ট্র, অথচ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের কারণে তাদের অস্তিত্বই হুমকির মুখে।
অস্ট্রেলিয়ার অবস্থান নিয়েও প্রশ্ন রয়েছে। দেশটির পাঁচ শতাধিক বিজ্ঞানী ও জলবায়ু আন্দোলনকর্মীর অভিযোগ, একদিকে জলবায়ু সুরক্ষার কথা বলা হচ্ছে, অন্যদিকে কয়লা ও গ্যাস প্রকল্পের অনুমোদন অব্যাহত রয়েছে। বিশ্বের অন্যতম বড় কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক দেশটির জন্য এই দ্বৈত অবস্থান বড় চ্যালেঞ্জ।
সম্মেলনে যুক্তরাষ্ট্রের অনুপস্থিতিও আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। টানা দ্বিতীয় বছরের মতো দেশটি কোনো প্রতিনিধিদল পাঠাচ্ছে না। ট্রাম্প প্রশাসনের অবস্থান, অন্য দেশগুলোর সমর্থিত জলবায়ুনীতির সঙ্গে তাদের সম্পৃক্ততা নেই। যদিও ডেমোক্রেটিক পার্টির ২০ জন কংগ্রেস সদস্য সম্মেলনে অংশ নিচ্ছেন। তাঁদের আশা, পরিচ্ছন্ন জ্বালানির প্রসার এবং পরিবেশদূষণ নিয়ন্ত্রণে রাজনৈতিক বাধা মোকাবিলায় ভূমিকা রাখা সম্ভব হবে।
এদিকে জলবায়ু সংকটের বাস্তবতা কেবল সম্মেলনের বক্তব্যে সীমাবদ্ধ নেই। ইউরোপে তীব্র তাপপ্রবাহে এ বছরের গ্রীষ্মে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। উত্তর আমেরিকার বিস্তীর্ণ এলাকায় ছড়িয়েছে দাবানলের ধোঁয়া। নেপালে হিমবাহ ধস ও ভূমিধসে প্রাণ গেছে দেড় হাজারের বেশি মানুষের। এর সঙ্গে যুক্ত হয়েছে শক্তিশালী এল নিনোর আশঙ্কা।
বিজ্ঞানীদের মতে, এর তীব্রতা এখনো সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়নি। অন্যদিকে ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি বাজারে অস্থিরতা জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতার ঝুঁকিও নতুন করে সামনে এনেছে। বিপরীতে সৌর ও বায়ুশক্তির মতো নবায়নযোগ্য জ্বালানির ব্যয় কমছে।
এই বাস্তবতায় কপ৩১-এ বিদ্যুৎনির্ভর প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। ২০৩৫ সালের মধ্যে বিশ্বের মোট চূড়ান্ত জ্বালানির ৩৫ শতাংশ বিদ্যুৎ থেকে সরবরাহের একটি লক্ষ্য আলোচনায় উঠতে পারে। বৈদ্যুতিক গাড়ি ও হিট পাম্পের মতো প্রযুক্তির প্রসারও আলোচ্য বিষয়। তবে জীবাশ্ম জ্বালানিনির্ভর দেশগুলোর বিরোধিতা এ উদ্যোগের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।
এবারের সম্মেলনে জলবায়ু ও জনস্বাস্থ্যের সম্পর্কও বিশেষ গুরুত্ব পেয়েছে। ‘এক স্বাস্থ্য’ ধারণার মূল কথা হলো—মানুষ, প্রাণী, উদ্ভিদ ও পরিবেশের স্বাস্থ্য আলাদা কোনো বিষয় নয়; একটি অন্যটির সঙ্গে গভীরভাবে জড়িত। কৃষি ও খাদ্য উৎপাদনের কোনো একটি পর্যায়ে বিপর্যয় তৈরি হলে তার প্রভাব ছড়িয়ে পড়ে পুরো বাস্তুতন্ত্রে। জলবায়ু পরিবর্তনের কারণে জুনোটিক ও পরজীবীবাহিত রোগের ঝুঁকি বাড়ছে বলেও উল্লেখ করেছেন চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কুনরুই হুয়াং।
বাংলাদেশের ঐতিহ্যবাহী কৃষিব্যবস্থার দিকে তাকালেও এই সম্পর্কের গভীরতা বোঝা যায়। একসময় কৃষকেরা মাটি, পানি, পোকামাকড়, গবাদিপশু ও স্থানীয় জীববৈচিত্র্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ফসল ফলাতেন। কিন্তু রাসায়নিকনির্ভর কৃষি, করপোরেট নিয়ন্ত্রণ ও অপরিকল্পিত খাদ্যব্যবস্থার বিস্তারে সেই ভারসাম্য ক্রমে নষ্ট হয়েছে। হারিয়ে যাচ্ছে দেশি ধানের জাত, বদলে যাচ্ছে খাদ্যাভ্যাস, বিপন্ন হচ্ছে প্রকৃতির সঙ্গে মানুষের দীর্ঘদিনের সম্পর্ক।
তুরস্কের ঐতিহ্যবাহী গাঁজন করা পানীয় বোজা থেকে বাংলাদেশের পান্তাভাত—খাবারের মধ্যেও লুকিয়ে আছে জলবায়ু, প্রকৃতি ও সংস্কৃতির ইতিহাস। জলবায়ু পরিবর্তনে বোজা তৈরির বাজরা, ভুট্টা ও গমের সরবরাহ যেমন বাধাগ্রস্ত হচ্ছে, তেমনি হারিয়ে যাওয়া দেশি ধানের জাতগুলো বাংলাদেশের কৃষিস্মৃতির বহু অধ্যায় মুছে দিচ্ছে। ফলে জলবায়ু সুরক্ষা মানে শুধু তাপমাত্রা কমানো নয়; মানুষের খাদ্য, সংস্কৃতি, জীবিকা ও প্রকৃতির পারস্পরিক সম্পর্কও রক্ষা করা।
জাতিসংঘের জলবায়ুপ্রধান সাইমন স্টিলের বক্তব্যেও উঠে এসেছে, জলবায়ু পরিবর্তন এখন প্রতিটি জনগোষ্ঠী ও অর্থনীতিকে আঘাত করছে। পরিচ্ছন্ন জ্বালানি, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে জলবায়ু মোকাবিলার সম্পর্কও ক্রমে স্পষ্ট হচ্ছে। কিন্তু এসব উপলব্ধি সম্মেলনের কক্ষ থেকে বাস্তব পৃথিবীতে কতটা পৌঁছাবে, সেটিই এখন বড় প্রশ্ন। কারণ পৃথিবীর জলবায়ু আর নতুন প্রতিশ্রুতির অপেক্ষায় নেই; অপেক্ষা করছে কার্যকর পদক্ষেপের।
মতামত দিন