আইজিপিসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশ
হাইকোর্টের নির্দেশনা কার্যকর না করার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারসহ আট কর্মকর্তাকে আদালত অবমাননার আইনি নোটিশ পাঠানো হয়েছে।
গুলশান থানায় আটকে রাখা এক ব্যক্তির মালিকানাধীন গাড়ি আদালতের নির্দেশের পরও ফেরত না দেওয়ায় এ নোটিশ দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গাড়ির মালিক শাহ কামাল রাসেলের পক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে নোটিশ পাঠান। শুক্রবার (২৭ নভেম্বর) তিনি বিষয়টি নিশ্চিত করেন।
নোটিশে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূরকে বিশেষভাবে আদালতের নির্দেশ বাস্তবায়ন এবং গাড়ি আটকে রাখার আইনগত কারণ ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা করতে বলা হয়েছে।
নোটিশের তথ্য অনুযায়ী, গত ১৬ নভেম্বর বিকেলে শাহ কামাল রাসেলের মালিকানাধীন ২০২১ সালের মডেলের একটি টয়োটা হার্ড জিপ গুলশান থানায় নিয়ে আটকে রাখা হয়। গাড়িটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ঘ-১৬-০০৮৬। গত ২৯ অক্টোবর গুলশান থানায় করা ২৪৮৪ নম্বর সাধারণ ডায়েরির (জিডি) সূত্রে গাড়িটি আটক করা হয়েছিল বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। এ ঘটনার বৈধতা চ্যালেঞ্জ করে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট করেন গাড়ির মালিক। রিটের নম্বর ১৬৮৯৯/২০২৬।
রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২২ নভেম্বর বিচারপতি সিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গাড়িটি আটকে রাখার আইনগত বৈধতা নিয়ে রুল জারি করেন। একই সঙ্গে অন্য কোনো ফৌজদারি মামলায় গাড়িটি আটক রাখার বিষয়ে আদালতের নির্দেশনা না থাকলে হাইকোর্টের আদেশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সেটি মালিকের কাছে ফিরিয়ে দিতে গুলশান থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়।
আইনি নোটিশে বলা হয়েছে, গত ২৫ নভেম্বর আদালতের আদেশের সত্যায়িত অনুলিপি সংগ্রহ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়। কিন্তু এরপরও গাড়িটি ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন রিট আবেদনকারী। এ পরিস্থিতিতে আদালতের নির্দেশ কার্যকর করার দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আইনি নোটিশ পাঠানো হয়েছে।
গাড়িটি কোন মামলার পরিপ্রেক্ষিতে এবং কোন আদালতের নির্দেশে আটকে রাখা হয়েছে, তা জানতে চাওয়া হয়েছে নোটিশে। পাশাপাশি এ ধরনের পদক্ষেপের পেছনে প্রয়োগ করা আইনের সুনির্দিষ্ট ধারা ও বিধান উল্লেখ করে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
গাড়িটি অন্য কোনো ফৌজদারি মামলার সঙ্গে সংশ্লিষ্ট হলে সেই মামলার বিস্তারিত তথ্য, এজাহার, জব্দ তালিকা এবং আদালতের আদেশের অনুলিপিও চাওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশ কার্যকর না করার কারণ এবং আদেশটির ওপর কোনো স্থগিতাদেশ রয়েছে কি না, সে বিষয়েও লিখিত জবাব দাবি করা হয়েছে।
এ ছাড়া গাড়ি আটকের ঘটনায় সংশ্লিষ্ট থানার সাধারণ ডায়েরি, দাপ্তরিক যোগাযোগ, সিসিটিভি ফুটেজসহ প্রয়োজনীয় সব নথিপত্র সংরক্ষণের অনুরোধ জানানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে গাড়ি ফেরত না দেওয়া হলে গুলশান থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরসহ দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার আবেদন করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে আদালতে হাজির করা, আদালতের নির্দেশ বাস্তবায়ন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হবে।
মতামত দিন