Views Bangladesh Logo

কক্সবাজার সৈকতে নির্মাণকাজ, আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে নির্মাণকাজ শুরুর অভিযোগে জেলা প্রশাসকসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) প্রেসিডেন্ট মনজিল মোরসেদ।


শনিবার কক্সবাজারের জেলা প্রশাসক এম এ মান্নান, প্রকল্প পরিচালক রাশিদুর রহমান, কক্সবাজার পৌরসভার নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী এবং জাইকার বাংলাদেশ প্রতিনিধি তাকাহাসকি জানকোকে ওই নোটিশ পাঠানো হয়।


নোটিশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নির্মাণকাজ বন্ধ করার অনুরোধ জানানো হয়েছে। তা না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে মামলা করা হবে বলে সতর্ক করা হয়েছে।


মনজিল মোরসেদ ভিউজ বাংলাদেশকে বলেন, কক্সবাজার সমুদ্রসৈকতের বালুর ওপর বিভিন্ন স্থাপনা নির্মাণ করে সৈকতের প্রাকৃতিক বৈশিষ্ট্য নষ্ট করার বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর জনস্বার্থে এইচআরপিবি একটি রিট আবেদন করে।


ওই রিটের শুনানি শেষে ২০১১ সালে আদালত কক্সবাজার সমুদ্রসৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ও বৈশিষ্ট্য রক্ষার নির্দেশ দেন। একই সঙ্গে সৈকতের বালুর মধ্যে স্থাপনা নির্মাণ না করার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়।


নোটিশে বলা হয়, আদালতের ওই নির্দেশনা অমান্য করে এর আগেও সৈকতের বালুর মধ্যে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছিল। পরে আদালতের নির্দেশে দুই দফায় সেসব স্থাপনা অপসারণ করা হয়।


সম্প্রতি কক্সবাজার পৌরসভার উদ্যোগে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে সৈকত এলাকায় ফের নির্মাণকাজ শুরু হয়েছে—গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে পাঠানো নোটিশে বলা হয়েছে, আদালতের সুনির্দিষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করা আদালতের আদেশের লঙ্ঘন এবং তা আদালত অবমাননার শামিল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ