Views Bangladesh Logo

নাম বিভ্রাট: একই নামের অন্য সাহাবুদ্দিনের সম্পদ জব্দের নির্দেশ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঢাকার বাসিন্দা মো. সাহাবুদ্দিনের সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।


বৃহস্পতিবার মহানগর সিনিয়র স্পেশাল জজ ও মহানগর দায়রা জজ আদালত এ আদেশ দেন।


তবে নামের মিল থাকায় এ খবরকে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর সঙ্গে মিলিয়ে ফেলছেন অনেকে। আদালতের আদেশ ও মামলার বিবরণ অনুযায়ী, এই মো. সাহাবুদ্দিন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নন।


দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ওই ব্যক্তির স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ ফ্রিজ করার নির্দেশ দেন।


মামলার নথিতে বলা হয়েছে, অভিযুক্ত মো. সাহাবুদ্দিন ঢাকার সিদ্ধিক বাজারের বাসিন্দা। তার বাবার নাম আব্দুর রব। তার স্থায়ী ঠিকানা নোয়াখালী জেলার সদর উপজেলার মাতারবাড়ি গ্রামে।


দুদকের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে এক কোটি ৮৭ লাখ ৪৭ হাজার ৩০৭ টাকা জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে অর্জন ও দখলে রাখার অভিযোগ রয়েছে। এ অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় মামলা করা হয়েছে।


দুদক আদালতে জানায়, অভিযুক্ত ব্যক্তি অবৈধভাবে অর্জিত স্থাবর সম্পদ বিনষ্ট বা হস্তান্তরের চেষ্টা করতে পারেন। এতে মামলার তদন্ত ও অভিযোগ প্রমাণের ক্ষেত্রে সম্পদগুলো জব্দ করা প্রয়োজন হতে পারে বলে মনে করে সংস্থাটি।


এর পরিপ্রেক্ষিতে মামলার স্বার্থে স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ ফ্রিজ করার আবেদন করে দুদক। পরে আদালত সেই আবেদনের প্রেক্ষিতে সম্পদ জব্দের নির্দেশ দেন।


মামলার আসামি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কোনো সম্পর্কের তথ্য মামলার বিবরণে নেই। পিতার নাম, ঠিকানা ও পরিচয়ের তথ্যও আলাদা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ