সংশোধন হচ্ছে বাণিজ্যিক আদালত আইন, প্রশ্ন বাস্তবায়ন নিয়ে
বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় বাণিজ্যিক আদালত আইন সংশোধন করছে সরকার। একইসঙ্গে সারা দেশে চলমান ৭৫টি বাণিজ্যিক আদালতের সংখ্যা কমিয়ে ৩০টি করা হচ্ছে। আইন মন্ত্রণালয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, ব্যবসায়িক বিরোধ দ্রুত নিষ্পত্তি, বিচারব্যবস্থার প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা এবং দেশের বিনিয়োগ পরিবেশ উন্নত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
তবে শুধু নতুন আইন প্রণয়ন কিংবা সারা দেশে বিপুলসংখ্যক বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা করলেই কাঙ্ক্ষিত ফল আসবে না। বরং বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ, বিচারপ্রক্রিয়ার দক্ষতা এবং আইনের শাসন নিশ্চিত করাই বেশি জরুরি। তাই বাণিজ্যিক আদালত আইন সংশোধনের করছে সরকার, এমনটাই জানিয়েছে আইন মন্ত্রণালয় সূত্র।
ব্যবসায়িক বিরোধ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে চলতি বছরের ১০ এপ্রিল বাণিজ্যিক আদালত আইন, ২০২৬ জাতীয় সংসদে পাস হয়। এর আগে ১ জানুয়ারি এ বিষয়ে অধ্যাদেশ জারি করা হয়েছিল। নতুন আইনের আওতায় সারা দেশে ৭৫টি বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার ব্যবস্থা করা হয়। এসব আদালতে পণ্য ও সেবা কেনাবেচা, নির্মাণ ও অবকাঠামো চুক্তি, অংশীদারত্ব, যৌথ বিনিয়োগ, বীমা এবং অন্যান্য বাণিজ্যিক লেনদেনসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি মধ্যস্থতার মাধ্যমে বিরোধ মীমাংসা, সংক্ষিপ্ত বিচার এবং নির্দিষ্ট সময়ের মধ্যে শুনানি শেষ করার মতো বিধানও রয়েছে।
অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল এ বিষয়ে ভিউজ বাংলাদেশকে বলেন, 'বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে।'
তিনি বলেন, 'সারা দেশে ৭৫টি বাণিজ্যিক আদালত প্রয়োজন নেই। শুধু নতুন আইন করলেই হবে না, আইনের বাস্তবায়ন জরুরি।'
তার বক্তব্যে স্পষ্ট, আদালতের সংখ্যা বাড়ানোর চেয়ে বিচারব্যবস্থার কার্যকারিতা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ। কারণ, ব্যবসায়িক বিরোধ নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা, চুক্তি বাস্তবায়নে অনিশ্চয়তা এবং বিচারপ্রক্রিয়ার জটিলতা বিনিয়োগকারীদের সিদ্ধান্তকে প্রভাবিত করে। কোনো বিনিয়োগকারী যদি ব্যবসায়িক বিরোধে জড়িয়ে বছরের পর বছর আদালতে ঘুরতে বাধ্য হন, তাহলে সেই দেশে নতুন বিনিয়োগের ঝুঁকি নিতে তিনি আগ্রহ হারাতে পারেন।
এ বিষয়ে সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এ প্রতিবেদকের সঙ্গে কথা হয় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেজের।
তিনি বলেন, 'পুঁজি কিংবা অবকাঠামো নয়, অনুকূল বিনিয়োগ পরিবেশের জন্য আইনের শাসনের ওপর বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে হবে।' তিনি জানান, বিরূপ পরিস্থিতির সৃষ্টি হলে বিনিয়োগকারীরা যেন বিচারব্যবস্থার ওপর নির্ভর করতে পারেন, তা নিশ্চিত করা জরুরি।
অর্থাৎ বিনিয়োগ আকর্ষণে শুধু কর অবকাশ, জমি, বিদ্যুৎ কিংবা অবকাঠামোগত সুবিধা দিলেই চলবে না। বিনিয়োগকারীদের কাছে এমন নিশ্চয়তাও থাকতে হবে যে, ব্যবসায়িক অংশীদারের সঙ্গে বিরোধ, চুক্তি লঙ্ঘন কিংবা অন্য কোনো আইনি জটিলতা দেখা দিলে তাঁরা নিরপেক্ষ ও কার্যকর বিচার পাবেন। তাঁদের সম্পদ ও ব্যবসায়িক স্বার্থ আইনের মাধ্যমে সুরক্ষিত থাকবে।
তবে আইনটি কার্যকর হওয়ার পরও বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সমস্যা সমাধানের সুযোগ এতে নেই বলে মনে করছে সরকার।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এ বিষয়ে ভিউজ বাংলাদেশকে বলেন, 'স্থানীয় অংশীদারদের সঙ্গে বিরোধ, শ্রমিকদের করা ফৌজদারি মামলা, ভ্যাটসংক্রান্ত জটিলতা এবং বিনিয়োগ বা মুনাফা দেশে ফেরত নেওয়ার মতো বিষয়ে বিদ্যমান আইনে সীমাবদ্ধতা রয়েছে। সালিশি ব্যবস্থার কিছু বিধান নিয়েও নতুন করে পর্যালোচনার প্রয়োজন রয়েছে। এ কারণে আইনটির খসড়া সংশোধন করে আরও যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে।'
তিনি বলেন, 'অংশীজনদের কাছ থেকে লিখিত সুপারিশ চেয়েছে সরকার। সংশোধিত আইনের খসড়া চূড়ান্ত করে আগামী জানুয়ারিতে জাতীয় সংসদে উপস্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।'
এদিকে বিশেষজ্ঞদের মতে, বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা নিঃসন্দেহে বিচারব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ সংস্কার। কিন্তু আদালতের কার্যক্রম সচল রাখা, বাণিজ্যিক আইন বিষয়ে বিচারকদের বিশেষ প্রশিক্ষণ, দক্ষ জনবল, মামলার তথ্য ব্যবস্থাপনা এবং রায় দ্রুত বাস্তবায়নের নিশ্চয়তা না থাকলে এ উদ্যোগের সুফল সীমিত থাকবে। একই সঙ্গে আদালতের এখতিয়ার ও অন্যান্য বিরোধ নিষ্পত্তির ব্যবস্থার মধ্যে সমন্বয়ও প্রয়োজন।
বাংলাদেশ যখন বৈদেশিক বিনিয়োগ বাড়ানো এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা জোরদারের চেষ্টা করছে, তখন বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তির বিশ্বাসযোগ্য ব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই। শেষ পর্যন্ত বিনিয়োগকারীরা কতটি আদালত আছে, তা নয়; বরং বিরোধে পড়লে কত দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর প্রতিকার পাওয়া যায়, সেটিই বিবেচনা করবেন। তাই নতুন আইন সংশোধনের সাফল্য নির্ভর করবে কাগজে-কলমের সংস্কারের চেয়ে বাস্তবে বিচার পাওয়ার নিশ্চয়তা কতটা প্রতিষ্ঠিত হয়, তার ওপর।
মতামত দিন