Views Bangladesh Logo

দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, এখনই মুক্তি নয়

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি পাচ্ছেন না তিনি।

রোববার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে এই রায় দেন।

হত্যাচেষ্টা এবং ভাঙচুর, হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা পৃথক দুটি মামলায় চিন্ময়ের জামিন নিয়ে হাইকোর্টে রুল জারি হয়েছিল। গত ২৬ জুলাই এসব রুলের ওপর শুনানি শেষে রায়ের জন্য ২ আগস্ট দিন নির্ধারণ করা হয়। রোববার আদালত রুল অ্যাবসলিউট ঘোষণা করে তাঁর জামিন মঞ্জুর করেন।

চিন্ময়ের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য জানান, তাঁর বিরুদ্ধে মোট ছয়টি ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলার বিচার চলছে। এছাড়া জাতীয় পতাকা অবমাননার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় তাঁর জামিন স্থগিত রয়েছে।

আইনজীবী আরও জানান, বাকি চারটি মামলার মধ্যে দুটি মামলায় হাইকোর্ট জামিন দিয়েছেন। অপর দুটি মামলায় জামিনের বিষয়ে শুনানি হবে আগামী ১৬ আগস্ট।

২০২৪ সালের ২৬ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন। পরে এ ঘটনায় হত্যা, হত্যাচেষ্টা, হামলা, সরকারি কাজে বাধা ও ককটেল বিস্ফোরণসহ একাধিক মামলা হয়।

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকার কাছ থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে বিভিন্ন মামলায় তিনি কারাগারে রয়েছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ