বাগবিতণ্ডার মধ্যে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ
তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করার বিষয়কে কেন্দ্র করে শুনানির সময় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। একপর্যায়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এজলাস ত্যাগ করেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, ওই মামলার শুনানির একপর্যায়ে তথ্য গোপনের অভিযোগে সংশ্লিষ্ট আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। এ সময় সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন প্রধান বিচারপতিকে উদ্দেশ করে বলেন, প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে আইনজীবীদের আয় কমে গেছে।
এ বক্তব্যকে কেন্দ্র করে প্রধান বিচারপতি ও বার সভাপতির মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। শুনানিকক্ষে উপস্থিত আইনজীবীদের মধ্যে এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুপুর সাড়ে ১২টার দিকে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীসহ আপিল বিভাগের অন্যান্য বিচারপতি এজলাস ত্যাগ করেন।
ঘটনার পর আদালত প্রাঙ্গণে বিষয়টি নিয়ে আইনজীবীদের মধ্যে আলোচনা শুরু হয়। তবে এ বিষয়ে প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্ট বার সভাপতির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেওয়া হয় না। ফলে এজলাসের ভেতরে ঘটে যাওয়া পুরো ঘটনার বিষয়ে সরাসরি সংবাদ সংগ্রহের সুযোগ ছিল না সাংবাদিকদের।
মতামত দিন