আদালতে এআই ব্যবহারে সতর্ক করলেন প্রধান বিচারপতি
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে কোনোভাবেই আদালতের রায় লেখা যাবে না বলে সতর্ক করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
শনিবার (২৯ আগস্ট) রাজধানীর এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ মিলনায়তনে দেশের প্রথম এআই গভর্নেন্স সামার স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সতর্কবার্তা দেন।
প্রধান বিচারপতি বলেন, মামলার বিষয়, সংশ্লিষ্ট আইন ও ধারা, তথ্য-উপাত্ত এবং বিচারকের বিবেক—কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বিচার করা সম্ভব নয়। তাই বিচারিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এআই ব্যবহারে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, এআই কোথায় এবং কতটুকু ব্যবহার করা যাবে, সে বিষয়ে কার্যকর আইন ও নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন। মানুষের জীবন সহজ করা এবং মৌলিক অধিকার সুরক্ষার লক্ষ্যেই এআই ব্যবহার করতে হবে।
এআই ব্যবহারের ক্ষেত্রে অবকাঠামোর পাশাপাশি প্রশিক্ষণ ও দক্ষতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন প্রধান বিচারপতি। যাচাই-বাছাই ছাড়া এআই থেকে পাওয়া তথ্য ব্যবহার করাও ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেন তিনি।
মতামত দিন