অবৈধ সম্পদ অর্জনের মামলায় ‘ছাগলকাণ্ডে’ আলোচিত মতিউরের বিরুদ্ধে চার্জগঠন
‘ছাগলকাণ্ডে’ আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে প্রায় সাড়ে ৫ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
সোমবার (৩ আগস্ট) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি. এম. তারিকুল কবীর আসামির অব্যাহতির আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের আদেশ দেন। একই সঙ্গে আগামী ১৪ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর মীর আহম্মেদ আলী সালাম।
শুনানিতে দুদকের পক্ষে অভিযোগ গঠনের আবেদন করেন প্রসিকিউটর মীর আহম্মেদ আলী সালাম। অন্যদিকে আসামিপক্ষে অব্যাহতির আবেদন করেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়া এবং বিডিআর বিদ্রোহ মামলার প্রসিকিউটর অ্যাডভোকেট আলহাজ মো. বোরহান উদ্দিন। শুনানিকালে মতিউর রহমানকে আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। পরে আসামিপক্ষ জামিন আবেদন করলে দুদকের পক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর মতিউর রহমানের বিরুদ্ধে মামলা করে দুদক। এতে তার বিরুদ্ধে ৫ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৯৩৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১ কোটি ২৭ লাখ ৬৬ হাজার ২১৬ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।
তদন্ত শেষে গত ৩ ফেব্রুয়ারি দুদক অভিযোগপত্র অনুমোদন করে। অভিযোগপত্রে বলা হয়, সম্পদ বিবরণীতে তিনি ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার ২১১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এছাড়া সরকারি চাকরির ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৭২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৪ জানুয়ারি মতিউর রহমানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। ২০২৪ সালে কোরবানির ঈদ উপলক্ষে ঢাকার সাদিক অ্যাগ্রো থেকে ইফাত নামে এক তরুণের ১৫ লাখ টাকা মূল্যের ছাগল কেনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার সূত্র ধরে মতিউর রহমান ব্যাপক আলোচনায় আসেন।
মতামত দিন