সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের অস্ত্র মামলায় চার্জগঠন শুনানি পিছিয়ে ২৪ সেপ্টেম্বর
রাজধানীর বনানী থানায় অস্ত্র আইনে করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২৪ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।
রোববার (২৩ আগস্ট) ঢাকার ৪ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মঈন উদ্দিন চৌধুরী আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এ তারিখ ঠিক করেন। শুনানির সময় কারাগার থেকে আনিসুল হককে আদালতে হাজির করা হয়।
আনিসুল হকের আইনজীবী সুমন হোসাইন জানান, তাঁর মক্কেলের নামে একটি বৈধ অস্ত্রের লাইসেন্স ছিল। তবে ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনের সময় ওই অস্ত্রের প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে যায়। বর্তমানে সেসব নথির ডুপ্লিকেট কপি সংগ্রহের চেষ্টা চলছে। এ কারণে অভিযোগ গঠনের শুনানির জন্য আরও সময় চাওয়া হলে আদালত তা মঞ্জুর করেন।
মামলার নথি অনুযায়ী, বনানী থানার অধীনে আনিসুল হকের নামে ব্যক্তিগত নিরাপত্তার জন্য লাইসেন্স করা একটি পিস্তল ছিল। ২০২৪ সালের ৫ আগস্টের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যক্তিগত নিরাপত্তার জন্য ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দেওয়া সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
অভিযোগে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র জমা না দিয়ে আনিসুল হক ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ৫ মে পর্যন্ত সেটি নিজের কাছে রাখেন। অস্ত্র জমা দেওয়ার বিষয়ে থানাকেও তিনি অবহিত করেননি বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় বনানী থানার উপপরিদর্শক মো. জানে আলম দুলাল বাদী হয়ে অস্ত্র আইনে মামলাটি করেন।
পরে মামলাটি তদন্ত করে বনানী থানার উপপরিদর্শক মো. ইয়াদুল হক ২০২৫ সালের ২৯ আগস্ট আদালতে আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। সেই মামলায় অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা থাকলেও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য আসামিপক্ষের আবেদনে তা পিছিয়ে দেওয়া হলো। আগামী ২৪ সেপ্টেম্বর শুনানির মাধ্যমে মামলাটির পরবর্তী কার্যক্রম এগোবে।
মতামত দিন