Views Bangladesh Logo

হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন রোগীর মৃত্যু: পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জিন্নাত আলী নামে এক রোগীর মৃত্যুর ঘটনায় হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি আমলে নিয়ে শেরেবাংলা নগর থানার ওসিকে আগামী ১৬ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

নিহতের ছেলে আবু হুরায়রা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোকছেদুল হাসান মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন হৃদয় জেনারেল হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. এস এম এফ নিরব হোসেন, ডা. সিরাজুল, ওয়ার্ডবয় শহিদ, আশিক, সামিউল ও মশিউর রহমান লাভলু এবং হাসপাতালের ম্যানেজার ও সহকারী ম্যানেজার জুনায়েদ।

মামলার এজাহারে বলা হয়, বাদীর বাবা অসুস্থ হলে তাকে মানিকগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রেফার করা হয়। গত ২৬ ফেব্রুয়ারি সেখানকার সিসিইউতে ভর্তির পরপরই ওয়ার্ডবয় শহিদ রোগীকে জরুরি বিভাগে নিয়ে যান এবং বাদীকে জানান যে হৃদরোগ নয়, সমস্যা মাথায়। তিনি আরও বলেন, রোগীকে আইসিইউতে নিতে হবে এবং কাছের বেসরকারি হৃদয় জেনারেল হাসপাতালে জায়গা খালি আছে।

এজাহার অনুযায়ী, বাদী সেখানে নিয়ে গেলে চিকিৎসা বিলের চেয়ে বেশি অর্থ দাবি করা হয়। টাকা পরিশোধ না করে রোগীকে নিয়ে যেতে চাইলে বাদীকে আটকে মারধর করা হয় এবং রোগীর চিকিৎসা বন্ধ করে দেওয়া হয়। নিরুপায় হয়ে ধারদেনা করে টাকা পরিশোধের পর রোগীকে পুনরায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সিসিইউতে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসক ও নার্সরা জানান, রোগীর যথাযথ চিকিৎসা হয়নি। এরপর বিকেল সাড়ে তিনটার দিকে জিন্নাত আলী মারা যান।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ২৮ ফেব্রুয়ারি হাসপাতালে অভিযোগ জানাতে গেলে বাদীকে মারধর করে বের করে দেওয়া হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ