বগুড়ার রাজনৈতিক মাঠে উত্তেজনা
ফেসবুকে মিছিলের ভিডিওর জেরে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা
বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন কর্মসূচি ঘিরে বগুড়ার রাজনৈতিক মাঠে উত্তেজনা সৃষ্টি হচ্ছে। সম্প্রতি এ জেলায় আওয়ামী লীগ সমর্থনে মোটরসাইকেল শোডাউন, ককটেল বিস্ফোরণ, মশাল মিছিল করা হয়েছে। শুধু তা-ই নয়, বর্তমানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের বগুড়ার নেতাকর্মীদের একটি মিছিল ফেসবুকে ছড়িয়ে পড়ায় একটি বাড়ি ভাঙচুর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। উঠেছে এমন অভিযোগ।
বগুড়ার শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জুর বাড়িতে বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বলে অভিযোগ উঠেছে। গত ১৮ নভেম্বর রাতে ওই উপজেলার বিষ্ণুপুর গ্রামে হামলার এ ঘটনা ঘটে।
গত ১৭ নভেম্বর ছাত্রলীগ নেতা রঞ্জুর নেতৃত্ব আওয়ামী লীগের একটি মিছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেই মিছিলটি শাজাহানপুর উপজেলায় অনুষ্ঠিত হয়নি বলে জনা গেছে। তবে রঞ্জু মিছিলের নেতৃত্ব দেওয়ায় পরদিন তার বাড়িতে হামলা চালানো হয়।
শাজাহানপুর উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি আলী ইমাম ইনোকী ভিউজ বাংলাদেশকে জানান, বিএনপির নেতাকর্মীরা বগুড়ার আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে যে হামলা চালানো শুরু করেছেন। তারা ছাত্রলীগ নেতা রঞ্জুর বাড়িতে একাত্তরের হানাদার বাহিনীর মত হামলা চালিয়েছে।
বগুড়াবাসীকে নিয়ে অতি শিগগিরই এর জবাব দেওয়া হবে। বিএনপির বিরুদ্ধে, এই জ্বালাও, পোড়াও মব সন্ত্রাসের বিরুদ্ধে অতি দ্রুত প্রতিরোধ গড়ে তোলা হবে বগুড়ায়।
জানতে চাইলে শাজাহানপুর থানা পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) আশিক ইকবাল ভিউজ বাংলাদেশকে জানান, রঞ্জুর বাড়িতে হামলার ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
গত ৯ নভেম্বর জেলা যুবলীগের উদ্যোগে বগুড়ায় মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়। বগুড়া মহানগরের শাকপালা এলাকা থেকে চারমাথা পর্যন্ত এ শোডাউনে প্রায় ৩৬টি মোটরসাইকেল অংশ নেয়।
ওই দিন দুপুরের দিকে তারা শাকপালা এলাকায় জড়ো হন। পরে জয় বাংলা স্লোগান দিয়ে মোটরসাইকেল নিয়ে চারমাথা পর্যন্ত মহড়া দেন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানানো এবং যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচি পালন করা হয়। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
গত ৯ নভেম্বর বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে একটি ভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পরবর্তীতে গত ১৫ নভেম্বর গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের বাসিন্দা আমির হামজা নামে একজন বাদী হয়ে শেরপুর থানায় মামলা করেন। মামলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের অভিযুক্ত করা হয়।
এ মামলায় গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পৃথক অভিযান তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতাররা হলেন, শেরপুরের সুঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সেলিম রেজা, শেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সদস্য ইস্তিয়াক রনি ও মির্জাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদ রানা।
বগুড়া জেলা যুবলীগের নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাড়িঘরে ৫ আগস্ট পরবর্তী সময় থেকেই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কোনো ধরণের আইনগত ব্যবস্থা গ্রহণ করছে না। কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের বিভিন্ন মামলা দেখিয়ে গ্রেফতার করা হচ্ছে।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
জানা গেছে, নাটোরের দিক থেকে আসা একটি সাদা রঙের মাইক্রোবাস থেকে বাসস্ট্যান্ড এলাকায় ককটেল নিক্ষেপ করা হয়। বিস্ফোরণের শব্দ ও ধোঁয়া ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে গাড়িটি দ্রুত বগুড়ার শহরের দিকে চলে যায়। এ ঘটনায় কেউ হতাহত হননি।
ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা হামলার নিন্দা জানান। সেইসাথে এ ঘটনার জন্য আওয়ামী লীগকে অভিযুক্ত করেন তারা।
এর পরদিন শুক্রবার (২০ নভেম্বর) রাত ১১টার দিকে একই উপজেলার রনবাঘা বাইপাস এলাকায় মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরস সেখানে মশাল মিছিল বের করেন। মিছিলটি বগুড়া-নাটোর মহাসড়কের দিকে এগিয়ে যাওয়ার সময় খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা তাদের ধাওয়া করেন।
এ সময় দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মশাল ফেলে গ্রামের ভেতরে চলে যান মিছিলকারীরা।
এর আগে, বগুড়া সদর উপজেলা পরিষদের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। গত ১৭ নভেম্বর রাতে শহরের মাটিডালী এলাকায় জয় বাংলা স্লোগান দিয়ে উপজেলা পরিষদের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
এসব ঘটনার মধ্যেই বগুড়ায় কড়া বার্তা দিয়েছেন স্থানীয় সরকারের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। গত ২০ নভেম্বর বগুড়ার মোকামতলা হাইস্কুল মাঠে এক অনুষ্ঠানে তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে পুনরুত্থান হতে দেওয়া হবে না।
তিনি আরও জানান, বাংলাদেশের মাটিতে তাবেদার রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা বা ষড়যন্ত্র হলে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করবে।
মতামত দিন