Views Bangladesh Logo

ডিএজি-এএজি নিয়োগ বাতিলের দাবি, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদে সাম্প্রতিক নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ তুলে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিএনপিপন্থী আইনজীবীদের একাংশ। তারা বিতর্কিত নিয়োগ বাতিল করে যোগ্য ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় আইনজীবীদের নিয়োগের দাবি জানিয়েছেন।

রোববার (২ আগস্ট) জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ রানা অভিযোগ করেন, দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা ব্যক্তিদের অর্থের বিনিময়ে ডিএজি ও এএজি পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আইনজীবী আক্তার হোসেন বলেন, যাদের বিরুদ্ধে ফ্যাসিবাদী শাসনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে, তারাও নতুন নিয়োগে স্থান পেয়েছেন। তাদের বাদ দিয়ে দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা আইনজীবীদের নিয়োগ দেওয়ার দাবি জানান তিনি।

সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল আইয়ুব আলী আশরাফি বলেন, প্রচলিতভাবে ক্ষমতাসীন সরকারের আদর্শের সঙ্গে সম্পৃক্ত আইনজীবীদেরই অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে নিয়োগ দেওয়া হয়। তবে এবারের নিয়োগে বিতর্কিত ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। একই সঙ্গে তিনি বর্তমান অ্যাটর্নি জেনারেলের আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন তোলেন।

এদিকে আইনজীবী এবিএম ইব্রাহিম খলীল নিয়োগ প্রক্রিয়ায় চার কোটি টাকা লেনদেনের অভিযোগ এনে বিষয়টির নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন আইনজীবী শরীফ ইউ আহমেদ, মো. ইসা, আনিসুর রহমান খান, জহিরুল ইসলাম সুমন ও আনোয়ারা শিখাসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আরও কয়েকজন নেতা।

বিক্ষোভকারীরা বলেন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে বিতর্কিত নিয়োগ পুনর্বিবেচনা এবং অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ