Views Bangladesh Logo

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপির ৮ দিনের কর্মসূচি ঘোষণা

প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আট দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (১৮ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত এসব কর্মসূচি পালিত হবে।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানান, শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন পোস্টার প্রকাশ ও কালো ব্যাজ ধারণ করা হবে। পাশাপাশি সংবাদপত্র ও অনলাইন পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হবে। এছাড়া বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আগামী ৩১ মে (রোববার) দুপুর ২টায় রাজধানীর রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এর আগে ৩০ মে (শনিবার) ভোর ৬টায় শাহাদাতবার্ষিকী উপলক্ষে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে।

তিনি আরও জানান, ৩০ মে বেলা ১১টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের সব পর্যায়ের নেতাকর্মীরা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করবেন। জিয়ারত শেষে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এদিন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতিটি থানায় দুস্থদের মাঝে কাপড় এবং চাল-ডালসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

এছাড়া দেশের সব জেলা, মহানগর ও সব ইউনিট কার্যালয়ে ৩০ মে ভোর ৬টায় দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলনের পাশাপাশি আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ