বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন পেছাল
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পিছিয়েছে। আগামী ১৪ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত।
রোববার (৯ আগস্ট) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল। তবে তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালত নতুন তারিখ নির্ধারণ করেন। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলে ৯৭ বারের মতো সময় চাইল তদন্ত সংস্থা।
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। সুইফট কোড ব্যবহার করে ওই অর্থের একটি বড় অংশ ফিলিপাইনে স্থানান্তর করা হয়েছিল।
সংশ্লিষ্টদের ধারণা, বাংলাদেশে থাকা কোনো চক্রের সহায়তায় হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরি ও পাচারের পরিকল্পনা বাস্তবায়ন করেছিল।
এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপপরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মতিঝিল থানায় মামলা করেন। মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর (সংশোধনী ২০১৫) ৪ ধারাসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬-এর ৫৪ ও দণ্ডবিধির ৩৭৯ ধারায় মামলাটি করা হয়।
বর্তমানে মামলাটির তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। দীর্ঘ সময় ধরে তদন্ত চললেও এখনো আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি সংস্থাটি।
মতামত দিন