আন্তর্জাতিক গণমাধ্যমে অগ্নিকাণ্ডের খবর
রাজধানীর বেইলি রোডের একটি রেস্টুরেন্ট ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ৪৬ জন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ২২ জন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। এ পরিস্থিতিতে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হয়েছে।
এই ঘটনা আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স, এএফপি, এপি, এএনআই, সংবাদমাধ্যম বিবিসি, দ্য গার্ডিয়ান, সিএনএন, টিআরটি ওয়ার্ল্ড, আল আরাবিয়া নিউজ, আরব নিউজ, এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসসহ প্রধান প্রধান আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ পেয়েছে।
এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমে বেশ গুরুত্বের সঙ্গে প্রচার করা হয়েছে এই অগ্নিকাণ্ডের খবর। এমনকি দুর্ঘটনার পর থেকে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে ‘তাৎক্ষণিক খবর’ হিসেবে এটি প্রচার করা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে বলেছে, বাংলাদেশের একটি বহুতল ভবনে আগুন লেগে অন্তত ৪৩ জন নিহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন। স্থানীয় মিডিয়ার মতে, রাজধানী ঢাকায় বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টার দিকে একটি রেস্তোরাঁয় আগুনের সূত্রপাত হয়।
৭৫ জনকে উদ্ধার করা হয়েছে এবং আরও কয়েক ডজন মানুষকে হাসপাতালে নেওয়া হয়েছে। দমকল কর্মকর্তাদের মতে, দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং কারণ অনুসন্ধান করা হচ্ছে।
সংবাদমাধ্যমটি বলছে, বাংলাদেশে বাণিজ্যিক ও আবাসিক ভবনে আগুন লাগা বেশ সাধারণ ঘটনা। এসব অগ্নিকাণ্ডের জন্য প্রায়ই দুর্বল নিরাপত্তা সচেতনতা এবং আইনের অপর্যাপ্ত প্রয়োগকে দায়ী করা হয়ে থাকে।
বার্তাসংস্থা রয়টার্স বলছে, বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি ছয় তলা বিল্ডিংয়ে রাতে বিশাল অগ্নিকাণ্ডে কমপক্ষে ৪৩ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন বলে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন।
বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার বেইলি রোডের একটি জনপ্রিয় বিরিয়ানি রেস্তোরাঁয় আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত সেই আগুন অন্যান্য ফ্লোরে ছড়িয়ে পড়ে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন।
অগ্নিকাণ্ডে নিহতদের স্বজনরা শুক্রবার ভোরে তাদের প্রিয়জনের মরদেহ গ্রহণের জন্য হাসপাতালে জড়ো হতে থাকেন এবং অনেককে জরুরি বিভাগের বাইরে শোক করতে দেখা গেছে।
অনেকটা একই ধরনের সংবাদ প্রকাশ করেছে বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), এএনআই, সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান, সিএনএন, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি, আল আরাবিয়া নিউজ, আরব নিউজ, দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস-সহ আরও অনেক গণমাধ্যম।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে