Views Bangladesh Logo

কিয়াওজিয়া (ইউনান) থেকে ফিরে

বৈহেতান জলবিদ্যুৎ কেন্দ্র: জিনশা নদীর স্রোতে আলো জ্বলে সাড়ে সাত কোটি মানুষের ঘরে

Rased Mehedi

রাশেদ মেহেদী

কুনমিং শহর থেকে কিয়াওজিয়া কাউন্টির দূরত্ব প্রায় ২৮০ কিলোমিটার। পাহাড়ি পথে পার হতে হয় এক ডজনের বেশি টানেল। পথের পাশে দীর্ঘ বিস্তৃত আঁকাবাঁকা জিনশা নদী। পুরো পথে যেতে যেতে নদীর তীরে দৃষ্টিনন্দন স্থাপনা চোখে পড়ে। ভবনের চেহারা দেখে শহর না গ্রাম, চট করে বোঝা যায় না। তবে জিনশা নদীর স্রোত এখন চীনের ইউনান প্রদেশের অর্থনীতির বড় ভিত্তি। কারণ, এই নদীকে ঘিরেই গড়ে উঠেছে চীনের অন্যতম বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প।



শেষ টানেলটি পেরোনোর পর হঠাৎ করেই চোখের সামনে খুলে যায় দুই পাহাড়ের মাঝখানে বিশাল এক কংক্রিটের দেয়াল। ধনুকের মতো বাঁকানো দেয়ালটি দুই পাশের খাড়া পাহাড়ের গায়ে এমনভাবে আটকে আছে, মনে হয় পাহাড়ই যেন নদীকে দুই হাতে আগলে রেখেছে। এটাই বৈহেতান জলবিদ্যুৎ কেন্দ্র। থ্রি গর্জেসের পর এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র, আর ইউনানের সবচেয়ে বড় ও সবচেয়ে নতুন জলবিদ্যুৎ প্রকল্প।

দুই প্রদেশের সীমানায় এক দানব

বৈহেতানের অবস্থানটাই আলাদা করে চোখে পড়ার মতো। বাঁধের এক পাশে সিচুয়ান প্রদেশের লিয়াংশান অঞ্চলের নিংনান কাউন্টি, অন্য পাশে ইউনানের ঝাওতং অঞ্চলের কিয়াওজিয়া কাউন্টি। মাঝখান দিয়ে বয়ে চলা জিনশা নদী আসলে ইয়াংসি নদীর উজানের অংশ। জিনশার ভাটিতে চারটি জলবিদ্যুৎ কেন্দ্রের একটি ধারাবাহিক শৃঙ্খল তৈরি করা হয়েছে। উজান থেকে ভাটির দিকে প্রথমে উডংদে, তারপর বৈহেতান, তারপর সিলুওদু এবং শেষে শিয়াংজিয়াবা। একটি নদীর একটি অংশকে এভাবে পরিকল্পিতভাবে ধাপে ধাপে বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগানো চীনের জ্বালানি পরিকল্পনার একটি বড় বৈশিষ্ট্য।

কেন্দ্রের মূল স্থাপনা কংক্রিটের একটি ডাবল-কার্ভেচার আর্চ ড্যাম। দেয়ালটি অনুভূমিক ও উল্লম্ব—দুই দিকেই বাঁকানো। এ ধরনের বাঁধ পানির বিপুল চাপ সরাসরি না নিয়ে দুই পাশের পাহাড়ের পাথরে ছড়িয়ে দেয়। ফলে কম কংক্রিটে অনেক বেশি উচ্চতার বাঁধ তৈরি করা যায়। বাঁধের উচ্চতা প্রায় ২৮৯ মিটার, অর্থাৎ একটি ৯০–৯৫ তলা ভবনের সমান।

পাহাড়ের পেটে বিদ্যুৎ কারখানা

বাইরে থেকে বৈহেতানের আসল শক্তি চোখে পড়ে না। কারণ, বিদ্যুৎ উৎপাদনের পুরো ব্যবস্থাটাই পাহাড়ের ভেতরে, মাটির নিচে। দুই তীরের পাহাড় কেটে তৈরি করা হয়েছে বিশাল ভূগর্ভস্থ পাওয়ার হাউস। বাম তীরে আটটি, ডান তীরে আটটি—মোট ১৬টি জেনারেটর ইউনিট।

প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১,০০০ মেগাওয়াট। এক ইউনিটে এক গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে—এমন টারবাইন বৈহেতানের আগে বিশ্বের কোথাও বসানো হয়নি। মোট স্থাপিত ক্ষমতা ১৬ হাজার মেগাওয়াট। তুলনার জন্য বলা যায়, বাংলাদেশের মোট স্থাপিত বিদ্যুৎ উৎপাদনক্ষমতার অর্ধেকের বেশি এই একটি কেন্দ্রেই।

এখানকার কর্মকর্তারা বারবার জোর দিয়ে বলেন, এই বিশাল জেনারেটরগুলো পুরোপুরি চীনের নিজস্ব নকশায় ও নিজস্ব কারখানায় তৈরি। কাঁচামাল থেকে যন্ত্রাংশ পর্যন্ত সবই দেশীয়। তাঁদের কাছে বৈহেতান শুধু একটি বিদ্যুৎকেন্দ্র নয়, উচ্চপ্রযুক্তির ভারী যন্ত্র তৈরিতে চীনের সক্ষমতার প্রমাণও।

কেন্দ্রের অপারেশন বিভাগের শিফট সুপারভাইজার লুও ইউয়ানওয়াং জানালেন, বৈহেতানে বছরে গড়ে প্রায় ৬ হাজার ২৪৪ কোটি কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনের নকশা করা হয়েছে। এই বিদ্যুৎ দিয়ে প্রায় সাড়ে সাত কোটি মানুষের দৈনন্দিন গৃহস্থালি চাহিদা মেটানো যায়। ২০২৬ সালের জুন পর্যন্ত কেন্দ্রটির মোট উৎপাদন ২৫ হাজার কোটি কিলোওয়াট-ঘণ্টা ছাড়িয়েছে। এত বিশাল একটি কেন্দ্র চালাতে কাজ করেন মাত্র প্রায় ৪০০ জন কর্মী। স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থার কারণেই এটা সম্ভব হয়েছে।

ছয় দশকের স্বপ্ন, চার বছরের নির্মাণ

বৈহেতানের গল্পটা শুরু হয়েছিল অনেক আগে। ১৯৫৯ সালের জুনে চীনের একটি বিশেষজ্ঞ দল এবং তখনকার চেকোস্লোভাকিয়ার একটি বিশেষজ্ঞ দল কিয়াওজিয়ায় সরেজমিনে জরিপ করে। সেই জরিপের ভিত্তিতেই এই জায়গাটি বাছাই করা হয়। এরপর কয়েক দশক ধরে চলেছে সমীক্ষা আর প্রস্তুতি। ২০১০ সালে চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন প্রাথমিক কাজের অনুমোদন দেয়। মূল নির্মাণ শুরু হয় ২০১৭ সালে, প্রকল্প বাস্তবায়ন করে চায়না থ্রি গর্জেস করপোরেশন।

২০২১ সালের এপ্রিলে জলাধারে পানি জমা শুরু হয়। একই বছরের ২৮ জুন প্রথম ইউনিটগুলো উৎপাদনে আসে। আর ২০২২ সালের ২০ ডিসেম্বর শেষ ইউনিটটি গ্রিডে যুক্ত হওয়ার মধ্য দিয়ে পুরো কেন্দ্র চালু হয়। এমন একটি দুর্গম পাহাড়ি অঞ্চলে এত বড় প্রকল্প এত অল্প সময়ে শেষ হওয়াকে বিশেষজ্ঞরাও ব্যতিক্রম বলে মনে করেন।

ইউনানের পানি, পূর্বাঞ্চলের কারখানা

বৈহেতানের বিদ্যুৎ শুধু ইউনান বা সিচুয়ানে থাকে না। এর বড় অংশ ±৮০০ কিলোভোল্টের অতি উচ্চ ভোল্টেজের ডিসি সঞ্চালন লাইন দিয়ে দুই হাজার কিলোমিটারেরও বেশি দূরে চীনের পূর্বাঞ্চলের শিল্পসমৃদ্ধ জিয়াংসু ও ঝেজিয়াং প্রদেশে যায়। চীনের ‘পশ্চিমের বিদ্যুৎ পূর্বে’ নীতির এটি একটি বড় উদাহরণ। পশ্চিমের পাহাড়ি নদী থেকে উৎপাদিত বিদ্যুৎ চালায় পূর্ব উপকূলের কারখানা।

পরিবেশের হিসাবও এখানে গুরুত্বপূর্ণ। কর্তৃপক্ষের হিসাবে, বৈহেতান চালু থাকায় প্রতি বছর প্রায় ১ কোটি ৯৬ লাখ টন স্ট্যান্ডার্ড কয়লা পোড়াতে হয় না। আর বছরে প্রায় ৫ কোটি ১৬ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমে। বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি এই বাঁধ ইয়াংসি অববাহিকার বন্যা নিয়ন্ত্রণ, নৌ চলাচল সহজ করা এবং পলি আটকানোর কাজও করে।

নদীর তীরে নতুন জনপদ

পথে যে দৃষ্টিনন্দন স্থাপনাগুলো দেখে শহর না গ্রাম বোঝা যাচ্ছিল না, তার অনেকগুলোই আসলে এই প্রকল্পের কারণে গড়ে ওঠা নতুন জনপদ। জলাধারের পানি বাড়ায় নদীর তীরের বহু গ্রাম ডুবে গেছে। সেসব গ্রামের মানুষকে নতুন করে পরিকল্পিত আবাসনে বসতি দেওয়া হয়েছে। কিয়াওজিয়া কাউন্টি শহরের চেহারাও বদলে গেছে। নদীর তীরে চওড়া সড়ক, বহুতল ভবন আর পর্যটকদের জন্য সাজানো নদীর পাড়। একসময়ের দরিদ্র ও দুর্গম এই পাহাড়ি অঞ্চলে বিদ্যুৎকেন্দ্র এনেছে সড়ক, কর্মসংস্থান আর পর্যটন।

তবে এই রূপান্তরের অন্য দিকও আছে। বড় জলবিদ্যুৎ প্রকল্প মানেই বাপ-দাদার ভিটা ছেড়ে যাওয়া মানুষ, বদলে যাওয়া নদীর প্রতিবেশ আর ভাটির জীববৈচিত্র্যের ওপর চাপ। পরিবেশবাদীরা এ নিয়ে বরাবরই প্রশ্ন তুলে আসছেন। চীন এসব প্রশ্নের জবাব দিচ্ছে পুনর্বাসন প্যাকেজ আর জলাধারের মাছ সংরক্ষণ কর্মসূচি দিয়ে।

বৈহেতান থেকে বিদ্যুৎ সঞ্চালন লাইন তৈরিতেও প্রযুক্তির চমক দেখিয়েছে চীন। অতি উচ্চ ভোল্টেজের সঞ্চালন লাইন দিয়ে দুই হাজার কিলোমিটার দূরেও নিরাপদে ও সহজে বিদ্যুৎ পৌঁছে দেওয়া যায়।

ফেরার পথে আবার সেই টানেল, সেই আঁকাবাঁকা জিনশা। নদীটাকে এবার অন্যরকম লাগে। মনে হয়, এর প্রতিটি ঢেউ যেন দূরে কোথাও কোনো কারখানার চাকা ঘোরাচ্ছে, কোনো ঘরে আলো জ্বালাচ্ছে।

রাশেদ মেহেদী
সম্পাদক, ভিউজ বাংলাদেশ

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ