কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নাইজেরিয়ার উদ্যোগ বাংলাদেশকে যা শেখাতে পারে
বাংলাদেশের কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে বিশ্বের সবচেয়ে বেশি কম্পিউটিং ক্ষমতা অর্জন করার প্রয়োজন নেই। প্রয়োজন নিজেদের শক্তিকে নতুন করে আবিষ্কার করা। মানুষকে এমনভাবে সংগঠিত করা, যাতে প্রযুক্তি সবার জন্য সমৃদ্ধি বয়ে আনে। বাংলাদেশের উন্নয়নের গল্প মূলত পুঁজির গল্প নয়। এটি সামাজিক সংগঠনের গল্প। নারীশিক্ষা, টিকাদানের বিস্তার এবং কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ— এসব ক্ষেত্র আগে তৈরি হয়েছে, এরপর এসেছে প্রবৃদ্ধির পরিসংখ্যান। গ্রামীণ ব্যাংকের পাঁচ সদস্যের ঋণগ্রহীতা দল কিংবা ব্র্যাকের সমিতি কোনো নিছক কল্যাণমূলক ব্যবস্থা ছিল না; এগুলো ছিল উৎপাদনশীল উদ্যোগ। আর সেগুলো সফল হয়েছিল মূলত সমষ্টিগত শক্তির কারণে।