Views Bangladesh Logo

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানিমূলক পরিস্থিতি তৈরীর চেষ্টা চলছে: রিজভী

প্রধানমন্ত্রীর আসন্ন বিদেশ সফরকে কেন্দ্র করে একটি মহল নেতিবাচক প্রচারণা ও উসকানিমূলক পরিস্থিতি তৈরীর অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২০ জুন) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত ‘বাংলাদেশ আইসিটি শিল্প ২০৩০: প্রতিবন্ধকতা, সম্ভাবনা ও কৌশলগত সংস্কার’ শীর্ষক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

রিজভীর ভাষ্য, দেশের পররাষ্ট্র সম্পর্ককে আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যেই প্রধানমন্ত্রীর এ সফর অনুষ্ঠিত হচ্ছে। তবে সফরকে ঘিরে কিছু রাজনৈতিক গোষ্ঠী বিভ্রান্তি ছড়ানো এবং উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, বর্তমান সরকার এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না, যা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কিংবা জাতীয় স্বার্থের পরিপন্থী হয়। জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী রাজনৈতিক শক্তি হিসেবে দেশের মর্যাদা ও স্বার্থ রক্ষাই সরকারের অন্যতম অগ্রাধিকার বলে উল্লেখ করেন তিনি।

রিজভী আরও বলেন, দেশকে এগিয়ে নিতে হলে অভ্যন্তরীণ ও বহিরাগত নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। একই সঙ্গে সম্ভাব্য ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থেকে জাতীয় ঐক্য বজায় রাখাও জরুরি।

সেমিনারে তিনি তথ্যপ্রযুক্তি খাতের বিকাশের পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং জাতীয় স্বার্থ রক্ষায় সকল শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ