Views Bangladesh Logo

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: ‘হাতকাটা’ কাশেম কারাগারে

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার তেজগাঁও থানা শ্রমিক লীগের সভাপতি মো. আবুল কাশেম পাটোয়ারী ওরফে ‘হাতকাটা’ কাশেমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে সোমবার রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের প্রচারণায় অংশ নিতে গিয়ে কারওয়ান বাজারে বাপেক্স ভবনের সামনে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় ২০২৪ সালের ২২ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন।

মামলার অন্য আসামিদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ, সাধারণ সম্পাদক শামীম হাসান ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রহমান রয়েছেন।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ