Views Bangladesh Logo

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ

মাগুরার আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আপিল আবেদনের ওপর মঙ্গলবার (২৫ আগস্ট) রায় ঘোষণা করবেন হাইকোর্ট। সোমবার (২৪ আগস্ট) এ মামলায় দীর্ঘ শুনানি শেষে আদালত রায় ঘোষণার জন্য আজকের দিনটি ধার্য করেছিলেন।

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেবেন।

এর আগে ২০২৬ সালের ১০ জুন একটি বিশেষ বেঞ্চে অগ্রাধিকার ভিত্তিতে মামলাটি শুনানির সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে গত ১১ আগস্ট হাইকোর্টে এর ডেথ রেফারেন্স ও আসামির আপিল শুনানি শুরু হয়।

মামলার নথি থেকে জানা যায়, ২০২৫ সালের ৫ মার্চ রাতে মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী গ্রামে নিজ বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হয় আছিয়া। শিশুটিকে ধর্ষণের পর হত্যার চেষ্টা চালান তার বোনের শ্বশুর, মামলার প্রধান আসামি হিটু শেখ (৪৭)। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে প্রথমে মাগুরা ও ফরিদপুরের হাসপাতাল নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ শিশুটি মারা যায়।

এ ঘটনার পর ৮ মার্চ আছিয়ার মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ আসামিদের গ্রেপ্তার করে তদন্ত শেষে ১৩ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেয়। ২৩ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় মূল বিচারকাজ।

মাত্র ১৩ কার্যদিবসে দ্রুততম সময়ে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে ২০২৫ সালের ১৭ মে রায় দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান।

আদালতের রায়ে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় এবং ১ লাখ টাকা জরিমানা করা হয়। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার বাকি তিন আসামি—নিহত আছিয়ার বোনের স্বামী সজীব শেখ (১৯), সজীবের ছোট ভাই রাতুল শেখ (১৭) এবং তাদের মা জাহেদা বেগমকে (৪০) বেকসুর খালাস দেওয়া হয়।

পরবর্তী আইনি প্রক্রিয়া হিসেবে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়, যা শুনানি শেষে আজকের রায়ের অপেক্ষায় রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ