দুদকের ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুটি প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার করা রিট আবেদন হাই কোর্টের অবকাশকালীন বেঞ্চের কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর অবকাশকালীন বেঞ্চে রিটটির শুনানি শুরু হওয়ার পর সেটি কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়।
আসিফ মাহমুদের আইনজীবী জহিরুল ইসলাম মুসা জানান, অবকাশকালীন বেঞ্চের শেষ কার্যদিবস হওয়ায় বেশ কয়েকটি মামলা কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তবে কোনো মামলাই খারিজ হয়নি। নিয়মিত আদালতের কার্যক্রম শুরু হলে রিটটি নতুন বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে।
গত রোববার দুদকের ২ ও ১৩ সেপ্টেম্বরের দুটি ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করেন আসিফ মাহমুদ। আবেদনে বলা হয়, অনুসন্ধান শুরুর পর্যায়েই তার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়ার ঘোষণা দিয়ে দুদক ওই ব্রিফিং করেছে। এতে দুদকের ‘তথ্য অবমুক্তকরণ নীতিমালা-২০১১’ এবং সংবিধানের ৩১ অনুচ্ছেদে নাগরিকের মর্যাদা ও সুনাম সুরক্ষার বিধান লঙ্ঘিত হয়েছে।
রিটে আরও বলা হয়, ২ সেপ্টেম্বরের ব্রিফিংয়ে আসিফ মাহমুদের বিরুদ্ধে ৭৬ লাখ টাকা নেওয়াসহ বিভিন্ন অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়ার কথা জানানো হয়। পরে সংশ্লিষ্ট এক কর্মকর্তা এটিকে ‘স্লিপ অব টাং’ বললেও আনুষ্ঠানিকভাবে বক্তব্য প্রত্যাহার করা হয়নি।
১৩ সেপ্টেম্বরের ব্রিফিংয়ে তার বিরুদ্ধে বিভিন্ন নিয়োগ ও উন্নয়ন প্রকল্পের টেন্ডার থেকে শত কোটি টাকা ‘কমিশন বাণিজ্য’ এবং বিদেশে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগের কথা বলা হয়।
এসব বক্তব্য কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং অনুসন্ধান বা তদন্ত চলাকালে নতুন করে কোনো প্রেস ব্রিফিং না করতে দুদককে নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে রিটে।
মতামত দিন