Views Bangladesh Logo

স্নিগ্ধার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল

মারধর, হত্যাচেষ্টা ও নির্যাতনের অভিযোগে মডেল ও অভিনেত্রী মোছা. ইসরাত জাহান ওরফে স্নিগ্ধা চৌধুরীর করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূইয়া।

আজ সোমবার (২৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তিনি। তাঁর পক্ষে জামিন চেয়ে শুনানি করেন অ্যাডভোকেট আরাফাত মোস্তফা। শুনানি নিয়ে আদালত ৫০ হাজার টাকা মুচলেকায় মেডিকেল রিপোর্ট পাওয়া পর্যন্ত তাঁর জামিনের আদেশ দেন বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত ২৪ জুলাই বিকেল ৪টার দিকে ইমন নামের এক ব্যক্তি আশিয়ান গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার জন্য ১৬ লাখ টাকায় স্নিগ্ধা চৌধুরীর সঙ্গে চুক্তি করেন। ওই দিন রাত ৮টার দিকে মাকে সঙ্গে নিয়ে খিলক্ষেত থানাধীন ৩০০ ফুট এলাকায় আশিয়ান মেডিকেল কলেজে নজরুল ইসলাম ভূইয়ার সঙ্গে বৈঠক করতে যান তিনি। বাসায় মেহমান থাকায় তাঁর মা গাড়ি নিয়ে বাসায় ফিরে যান।

এজাহার অনুযায়ী, মা ফিরে যাওয়ার পর নজরুল ইসলাম ভূইয়া তাঁকে অন্য এক নারী ভেবে ছয় মাস ধরে খুঁজছেন বলে জানান এবং দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ তোলেন। স্নিগ্ধা চৌধুরী ভুল হচ্ছে বলে বোঝানোর চেষ্টা করলেও তা মানা হয়নি। এ সময় সঙ্গে থাকা ইমন তাঁকে ইশারায় অভিযুক্ত ব্যক্তির কথা মেনে নিতে বলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, এরপর নজরুল ইসলাম ভূইয়া একটি শটগান বের করে তাঁকে গুলি করার হুমকি দেন, হাত-পা বেঁধে সোফার ওপর ফেলে গলা চেপে ধরেন এবং লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ৫০-৬০টি আঘাত করেন। একপর্যায়ে চুল ধরে টেনে তাঁকে মেঝেতে ফেলে দেওয়া হয়। জোর করে কফি খাওয়ানোর চেষ্টা করা হয় এবং তিনি অস্বীকৃতি জানালে মুখের ওপর গরম কফি ফেলে দেওয়া হয়। পরে কাঁচি হাতে নিয়ে তাঁর চেহারা নষ্ট করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। প্রায় দুই ঘণ্টা ধরে দফায় দফায় আঘাতের পর তাঁর মুখ চেপে ধরে জোরপূর্বক মদের সঙ্গে ওষুধজাতীয় কিছু মিশিয়ে পান করানো হয় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি অন্য কক্ষে গেলে রাত সাড়ে ১১টার দিকে ভবনের প্রথম তলার বারান্দা থেকে লাফ দিয়ে পালিয়ে বাসায় ফেরেন স্নিগ্ধা চৌধুরী। ঘটনার পর একদিন তিনি অচেতন ছিলেন এবং ২৬ জুলাই কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। পরে স্বজনদের সঙ্গে আলোচনা করে খিলক্ষেত থানায় মামলা করেন তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ