Views Bangladesh Logo

রাজশাহীর সাবেক মেয়র লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজশাহীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

মঙ্গলবার প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে এই আদেশ দেন ট্রাইব্যুনাল।

এর আগে গত ৩০ জুলাই এই মামলায় মোট ৩৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। তাঁদের মধ্যে চারজন আগে থেকেই গ্রেপ্তার থাকায় বাকি ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

পরোয়ানাভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন খায়রুজ্জামান লিটন, রাজশাহী মহানগর পুলিশের সাবেক কমিশনার বিপ্লব বিজয় তালুকদার এবং বোয়ালিয়া থানার সাবেক ওসি হুমায়ুন কবীর। তাঁরা সবাই পলাতক।

অন্যদিকে রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ চার আসামি বর্তমানে গ্রেপ্তার আছেন। তাঁদের আগামী ২৩ আগস্ট ট্রাইব্যুনাল-২-এ হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর ফারুক আহাম্মদ জানান, জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজশাহীতে রায়হান আলী ও আনজুম সাকিব নামে দুই আন্দোলনকারী নিহত হন। এ ঘটনায় অনেকে গুরুতর আহতও হন। এসব ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে মামলাটি করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ