Views Bangladesh Logo

ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেফতার অর্ণব দাস কারাগারে

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেফতার হওয়া অর্ণব দাসকে (৩৭) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১৬ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। পুলিশের তথ্য অনুযায়ী, গত শনিবার (১৫ আগস্ট) ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গেলে অর্ণব দাসকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশের দাবি, অর্ণব দাস নিষিদ্ধ সংগঠন যুবলীগের একজন সক্রিয় কর্মী। তবে তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ রয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আদালতের আদেশের পর অর্ণব দাসকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে করা মামলার তদন্ত চলছে। তদন্তের পর অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় সদস্য অর্ণব দাসকে (৩৭) আটক করে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) সকালে ওই এলাকায় অবস্থান করার সময় তাকে আটক করা হয়। পরে তাকে ধানমন্ডি থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছিলেন, আটক অর্ণব দাসের বাড়ি টাঙ্গাইলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার যুবলীগের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ