Views Bangladesh Logo

নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট না করার আদেশ স্থগিত

নির্দিষ্ট কোনো মামলা না থাকলে কোনো ব্যক্তিকে শ্যোন অ্যারেস্ট, গ্রেপ্তার বা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না—হাইকোর্টের দেওয়া এই আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে এ-সংক্রান্ত জারি করা রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব।

এর আগে কয়েকজন ব্যক্তির করা আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের রায়ে বলা হয়েছিল, কোনো ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট কোনো মামলা না থাকলে তাকে শ্যোন অ্যারেস্ট, গ্রেপ্তার বা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না।

একই আদেশে আদালত রুল জারি করে জানতে চান, আবেদনকারীকে বারবার শ্যোন অ্যারেস্ট দেখানো এবং তাকে হয়রানি, অপমান ও নিপীড়নের উদ্দেশ্যে গুরুতর প্রকৃতির মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগে বিবাদীদের গৃহীত পদক্ষেপ কেন বেআইনি, আইনগত কর্তৃত্ববহির্ভূত ও আইনগত কার্যকারিতাবিহীন ঘোষণা করা হবে না। পাশাপাশি আবেদনকারীর বিরুদ্ধে নির্দিষ্ট কোনো মামলা না থাকলে তাকে শ্যোন অ্যারেস্ট, গ্রেপ্তার বা অন্যভাবে হয়রানি না করার নির্দেশ কেন দেওয়া হবে না—তাও জানতে চাওয়া হয়।

পরে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সেই আবেদনের শুনানি শেষে আজ হাইকোর্টের আদেশ স্থগিত করে চার সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তির নির্দেশ দেন আপিল বিভাগ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ