Views Bangladesh Logo

রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিতের রিট খারিজ আদেশের বিরুদ্ধে আপিল

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট হাইকোর্টে খারিজের পর এবার আপিল বিভাগে আবেদন করেছেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। বুধবার (১৯ আগস্ট) তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করে আদেশ দেন। এর আগে গত ১৩ আগস্ট সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের নির্দেশনা চেয়ে আবেদনটি করা হয়েছিল।

আপিল বিভাগে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে তিনি আবেদন করেছেন। সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা এবং এর সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ার সাংবিধানিক দিকগুলো নিয়েই তার আপত্তি রয়েছে।

এদিকে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট দেওয়ার জন্য সময় নির্ধারণ করা হয়েছে।

১৯৯১ সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে ভোটের মাধ্যমে দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর আগে বিভিন্ন সময়ে রাষ্ট্রপতি নির্বাচনে একক প্রার্থী থাকায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি।

এবারের নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে রয়েছেন অলি আহমদ। এখন আপিল বিভাগে করা আবেদনের পর আদালতের সিদ্ধান্ত রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলে কি না, সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ