বায়ুদূষণ রোধে ৯ দফা নির্দেশনা বাস্তবায়নের আদেশ হাইকোর্টের
ঢাকার বায়ুদূষণ রোধে হাইকোর্টের দেওয়া ৯ দফা নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে আগামী ১২ জানুয়ারি ২০২৭-এর মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিবাদীদের এ নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভুঁইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন। আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে হলফনামা আকারে প্রতিবেদন দাখিল করতে বলেছেন। একই সঙ্গে পরবর্তী শুনানির জন্য ১২ জানুয়ারি ২০২৭ তারিখ নির্ধারণ করেছেন।
মানবাধিকার ও পরিবেশ নিয়ে কাজ করা সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)-এর দায়ের করা জনস্বার্থমূলক রিটের পরিপ্রেক্ষিতে ২০২০ সালে ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে ৯ দফা নির্দেশনা দিয়েছিলেন হাইকোর্ট।
নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে—ঢাকার বিভিন্ন এলাকায় পানি ছিটানো, বালুবাহী ট্রাক ঢেকে পরিবহন করা, নির্মাণকাজের স্থান ঘিরে রাখা, রাস্তায় পড়ে থাকা অসমাপ্ত নির্মাণসামগ্রী ও কাজ দ্রুত সরিয়ে নেওয়া, ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, লাইসেন্সবিহীন পুরোনো টায়ার পোড়ানোর কারখানা বন্ধ করা, বিভিন্ন মার্কেটের বর্জ্য নির্দিষ্ট সময়ে ব্যাগে করে অপসারণ এবং ঢাকার আশপাশের অবৈধ ইটভাটা বন্ধ করা।
এর আগে এইচআরপিবির আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ১৩ জানুয়ারি আদালত ৯ দফা নির্দেশনা বাস্তবায়নের আদেশ দেন। পরে নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা পালনে ব্যর্থতার কারণে পাঁচ জেলা প্রশাসককে আদালতে তলবও করা হয়েছিল।
আজ মামলাটি আদেশের জন্য আদালতের কার্যতালিকায় ওঠে। শুনানিতে এইচআরপিবির পক্ষে সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ঋতু পরিবর্তনের সঙ্গে ঢাকার বায়ুদূষণ বাড়ছে। কিন্তু আদালতের আগের নির্দেশনা অনুযায়ী কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ফলে দূষণের কারণে নগরবাসীর স্বাস্থ্য হুমকির মুখে পড়ছে।
রিটে এইচআরপিবির পক্ষে আবেদনকারী ছিলেন আইনজীবী মো. সারোয়ার আহাদ চৌধুরী ও রিপন বাড়ৈ। বিবাদীদের মধ্যে রয়েছেন পরিবেশ সচিব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র, ফায়ার সার্ভিসের মহাপরিচালক এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শুনানিতে এইচআরপিবির পক্ষে মনজিল মোরসেদকে সহায়তা করেন আইনজীবী সঞ্জয় মণ্ডল ও নাসরিন সুলতানা। সিটি কর্পোরেশনের পক্ষে ছিলেন আইনজীবী মো. শাহজাহান, পরিবেশ অধিদপ্তরের পক্ষে মুনতাসির উদ্দিন মাহমুদ এবং ফায়ার সার্ভিসের পক্ষে মোরশেদা আখতার।
মতামত দিন