Views Bangladesh Logo

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলা: আপিল শুনানি ১১ আগস্ট পর্যন্ত মুলতবি

আওয়ামী লীগ নেতা ও গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি দ্বিতীয় দিনের মতো সম্পন্ন হয়েছে। আপিল বিভাগ আগামী ১১ আগস্ট পর্যন্ত এই শুনানি মুলতবি রেখেছেন।

রোববার (২ আগস্ট) প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত চার সদস্যের আপিল বেঞ্চ শুনানি শেষে এই মুলতবির আদেশ দেন। আসামিপক্ষে আদালতে যুক্তি উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, আর রাষ্ট্রপক্ষের প্রতিনিধিত্ব করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভূঁইয়া। শুনানি শেষে সাংবাদিকদের এস এম শাহজাহান জানান, গত মঙ্গলবার আপিলের শুনানি শুরু হওয়ার পর রোববার দ্বিতীয় দফায় আসামিপক্ষ পেপারবুক তুলে ধরে, এবং আগামী ১১ আগস্ট থেকে শুনানি ফের শুরু হবে।

মুক্তিযোদ্ধা, শিক্ষক ও শ্রমিকনেতা হিসেবে পরিচিত আহসানউল্লাহ মাস্টার ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। ২০০৪ সালের ৭ মে গাজীপুরের নোয়াগাঁওয়ে এম এম জিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে একটি জনসভায় সন্ত্রাসীদের গুলিতে তিনি প্রাণ হারান।

এই হত্যাকাণ্ডের মামলায় ২০০৫ সালের ১৬ এপ্রিল দ্রুত বিচার ট্রাইব্যুনাল রায় ঘোষণা করে, যেখানে বিএনপির তৎকালীন নেতা নূরুল ইসলাম সরকারসহ মোট ২২ জনকে মৃত্যুদণ্ড এবং আরও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়। পরবর্তীতে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে দুইজন মারা যান।

নিম্ন আদালতের এই রায়ের পর মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স এবং আসামিদের পক্ষ থেকে করা আপিল হাইকোর্টে পৌঁছায়। দীর্ঘ শুনানির পর ২০১৬ সালের ১৫ জুন বিচারপতি ওবায়দুল হাসান (পরবর্তীতে প্রধান বিচারপতি) ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় দেন। ওই রায়ে ছয়জনের মৃত্যুদণ্ড ও দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল থাকে, কয়েকজনের সাজা কমিয়ে যাবজ্জীবন করা হয় এবং ১১ জনকে খালাস দেওয়া হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ