Views Bangladesh Logo

আছিয়া হত্যা মামলা: অ্যাডভোকেট হাফিজুর রহমান খানকে স্টেট ডিফেন্স নিয়োগ

মাগুরার আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হিটু শেখের পক্ষে রাষ্ট্রীয় খরচে অ্যাডভোকেট নিয়োগ দিয়েছেন হাইকোর্ট।

আসামিপক্ষের আইনজীবী শুনানিতে উপস্থিত না থাকায় সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খানকে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক।

এর আগে বুধবার (১২ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মামলার ডেথ রেফারেন্স ও আসামির আপিলের শুনানি শুরু হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি শুরু করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক।

মামলার প্রধান আসামি আছিয়ার বোনের শ্বশুর হিটু শেখকে ২০২৫ সালের ১৭ মে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান।

একই রায়ে মামলার অপর তিন আসামি আছিয়ার বোনের জামাই সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ এবং তাদের মা জাহেদা বেগমকে খালাস দেওয়া হয়।

ট্রাইব্যুনালের রায়ের পর মামলার যাবতীয় নথি ডেথ রেফারেন্স হিসেবে অনুমোদনের জন্য হাইকোর্টে পাঠানো হয়। বর্তমানে সেই ডেথ রেফারেন্সের পাশাপাশি হিটু শেখের করা আপিলেরও শুনানি চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ