আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভীর জামিন
স্ত্রী আফরা ইবনাত ইকরাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় ছোটপর্দার অভিনেতা জাহের আলভী ওরফে মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আদালতের আদেশে তার কারামুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই।
রোববার (২ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন। সোমবার (৩ আগস্ট) সংশ্লিষ্ট আদালত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে গত ৩০ জুন দুই দিনের রিমান্ড শেষে জাহের আলভীকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ১৮ জুন আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলেও তা নামঞ্জুর হয়। পরে মামলার তদন্তের স্বার্থে রিমান্ড আবেদন করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরদিন ইকরার বাবা কবির হায়াত খান পল্লবী থানায় মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও মানসিক নির্যাতনের কারণে আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করতে বাধ্য হন। ২০১০ সালে জাহের আলভী ও ইকরার বিয়ে হয়। তাদের একটি ছেলে রয়েছে।
মতামত দিন