সংসদ ভবনের সামনে ছিনতাইয়ে প্রধান শিক্ষকের মৃত্যু, আসামির জামিন
রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে ব্যাটারিচালিত রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষক রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনায় করা মামলায় এক আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।
জামিন পাওয়া আসামির নাম মো. রাকিব হোসেন (২৪)। রোববার (১৮ অক্টোবর) দুপুরে শুনানি শেষে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী মো. মেহেদী হাসান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
আইনজীবী মেহেদী হাসান জানান, মামলায় পুলিশের প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত রাকিবের জামিন মঞ্জুর করেছেন আদালত। জামিনের ক্ষেত্রে পাঁচ হাজার টাকার মুচলেকা ধার্য করা হয়েছে। আসামির বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় তিনি শিগগির কারামুক্ত হতে পারেন বলে আশা প্রকাশ করেন এই আইনজীবী।
গত ২৯ আগস্ট ভোরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের সড়কে ছিনতাইকারীদের টানে রাস্তায় পড়ে নিহত হন রনজিলা পারভীন (৫৬)। তিনি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে ঢাকায় এসেছিলেন তিনি।
ভোরে কল্যাণপুর বাস টার্মিনালে নেমে ব্যাটারিচালিত রিকশায় করে হাসপাতালে যাওয়ার পথে সংসদ ভবন এলাকায় মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তাঁর হাতে থাকা ব্যাগ টান দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান রনজিলা। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রনজিলার স্বামী আবদুল মতিন বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।
মতামত দিন