Views Bangladesh Logo

শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের ২৩ ধরনের নথি জব্দ করেছে দুদক

শেয়ারবাজারে প্রায় ২৫৬ কোটি টাকার কারসাজির অভিযোগে করা মামলার তদন্তে ক্রিকেটার সাকিব আল হাসানসহ ১৫ জনের ২৩ ধরনের নথিপত্র জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্তের অংশ হিসেবে সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে এসব নথি সংগ্রহ করা হয়েছে।

সোমবার দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম জানান, মামলার তদন্ত চলছে। বিএসইসির তদন্ত প্রতিবেদনসহ প্রয়োজনীয় নথিপত্র জব্দ করা হয়েছে এবং অভিযুক্তদের আর্থিক লেনদেন, সম্পদ ও বিনিয়োগসংক্রান্ত তথ্য সংগ্রহে বিভিন্ন দপ্তরে চিঠিও দেওয়া হয়েছে।

গত বছরের ২৫ জুন শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার এজাহারে বলা হয়, সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে সংঘবদ্ধভাবে শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে বিপুল অর্থ আত্মসাৎ করা হয়। শেয়ার কারসাজিতে আলোচিত আবুল খায়ের হিরুর মাধ্যমে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ও সোনালী পেপারসের শেয়ারে বিনিয়োগ করে কৃত্রিমভাবে দাম বাড়ানোর কর্মকাণ্ডে যুক্ত হন সাকিব বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তার বিরুদ্ধে সরাসরি প্রায় ২ কোটি ৯৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

শেয়ারবাজার কেলেঙ্কারির মামলার পাশাপাশি সাকিবের বিরুদ্ধে অর্থ পাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও অনুসন্ধান করছে দুদক। যুক্তরাষ্ট্র ও দুবাইয়ে তার সম্ভাব্য সম্পদ ও আর্থিক লেনদেনের তথ্যও যাচাই করা হচ্ছে বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০১৮ সালে দুদকের দুর্নীতিবিরোধী প্রচারণায় শুভেচ্ছাদূত ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছিলেন সাকিব। তবে পরবর্তীতে বিভিন্ন বিতর্কের পর তার সঙ্গে করা চুক্তি আর নবায়ন করেনি সংস্থাটি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ