Views Bangladesh Logo

২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

দেশের ৪১টি ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’-এর নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা সংগ্রহ ও আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার অপর আসামি হলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সাবেক সভাপতি ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার।

দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলাটি করেন। দুদক সচিব সাইদুর রহমান খান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

ব্রিফিংয়ে দুদক সচিব বলেন, আসামিরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের অনুকূলে তহবিল সংগ্রহ করে রাষ্ট্রীয় আর্থিক ক্ষতিসাধন করেছেন। এ ঘটনায় দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা ‘পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে’ দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে মোট ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের অনুকূলে সংগ্রহ করেন।

দুদক বলছে, ওই অর্থ সংগ্রহ ও আত্মসাতের ঘটনায় আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্তের পর বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ