Views Bangladesh Logo

সাবেক সংসদ সদস্য আবু জাহিরের বিরুদ্ধে দুদকের মামলা

হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. আবু জাহিরের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে চারটি ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুদকের প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। কমিশনের তথ্য অনুযায়ী, আবু জাহিরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাটি করা হবে।

দুদকের অভিযোগ, সম্পদ বিবরণীতে ৭ কোটি ২৭ লাখ ৩৬ হাজার ৬২৭ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য গোপন করেছেন আবু জাহির। এ ক্ষেত্রে তিনি মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়েছেন বলে দাবি করেছে সংস্থাটি।

এ ছাড়া তার নামে ৯ কোটি ৩২ লাখ ৭১ হাজার ৫৫৯ টাকার সম্পদ পাওয়া গেছে, যা তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে।

দুদকের আরও অভিযোগ, আবু জাহিরের চারটি ব্যাংক হিসাবে মোট ২২ কোটি ৫৬ লাখ ৩ হাজার ৭৫৬ টাকা স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করা হয়েছে। এসব লেনদেনের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন সংস্থাটি।

এসব অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে।

দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, অনুসন্ধানে পাওয়া তথ্য ও অভিযোগের ভিত্তিতেই মামলার অনুমোদন দেওয়া হয়েছে। মামলা হওয়ার পর আইন অনুযায়ী অভিযোগগুলোর বিষয়ে পরবর্তী তদন্ত ও আইনি কার্যক্রম পরিচালিত হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ