ডেঙ্গুতে একদিনে ৭ মৃত্যু, হাসপাতালে রেকর্ড ভর্তি ২২৪৯
দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৪৯ জন, যা চলতি বছরের মধ্যে এক দিনে সর্বোচ্চ।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে দুজন করে মারা গেছেন। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, খুলনা বিভাগ ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩৮৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৩ হাজার ৯৪৮ জন।
এর আগে, গত ১১ অক্টোবর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২ হাজার ১৯৩ জন। ১২ অক্টোবর এ সংখ্যা ছিল ২ হাজার ১৬৭। এ ছাড়া ২৭ সেপ্টেম্বর ২ হাজার ১৫৮ জন এবং ১৮ অক্টোবর ২ হাজার ৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
চলতি বছরের ৬ ও ১৫ অক্টোবর ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১০ জন করে মারা যান।
মতামত দিন