শাহজালাল বিমানবন্দরের কার্গো শেডে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের কুরিয়ার শেডে আগুনের ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৯টার মধ্যে কমিটিকে প্রাথমিক প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (৫ জুন) রাত ১১টার দিকে বিমানবন্দরের কার্গো শেডে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিস ও বিমানবন্দরের নিজস্ব অগ্নিনির্বাপক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, আগুনের প্রকৃত কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে, তবে এটি নিশ্চিত নয়।
তিনি আরও বলেন, এর আগেও একই ধরনের ঘটনায় শর্ট সার্কিটকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল, যা গাফিলতির ইঙ্গিত দেয়। বিষয়টি তদন্তে উঠে এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানান, আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ও বিমানবন্দরের নিজস্ব ইউনিট দ্রুত কাজ শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান, এ ঘটনায় বিমানবন্দরের ফ্লাইট পরিচালনায় কোনো ধরনের বিঘ্ন ঘটেনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে