হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মোট প্রাণহানি ১২২৭
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২২৭ জনে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত হিসাব তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১২৩ জন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিভাগে দুজন মারা গেছেন। এ ছাড়া ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।
একই সময়ে দেশে নতুন করে ৭৬ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে মোট ২৩ হাজার ৪০০ জনের।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৮০ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। ফলে এ বছর এখন পর্যন্ত সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২১ হাজার ১৬৪ জনে।
মতামত দিন