Views Bangladesh Logo

অর্থ আত্মসাতের মামলায় তিন বিটিটিবি কর্মকর্তার ৪৪ বছর করে সাজা

২৭ বছর আগে চট্টগ্রাম কার্যালয়ের কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ টেলিফোন ও টেলিগ্রাফ বোর্ডের (বিটিটিবি)তিন সাবেক কর্মকর্তাকে বিভিন্ন ধারায় ৪৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২২ জুন) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন।

রায় অনুযায়ী, দণ্ডবিধির ৪০৯ ধারায় প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ৪২০ ধারায় ৭ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা এবং ৪৬৭ ধারায় ১০ বছরের কারাদণ্ড ও ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ৪৬৮ ও ৪৭১ ধারায় ৫ বছরের কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা, ৪৭৭(এ) ধারায় ৫ বছরের কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় আরও ৭ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সাজাগুলো একসঙ্গে কার্যকর করার নির্দেশ দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বিটিটিবির সাবেক উচ্চমান সহকারী কাম-ক্যাশিয়ার মোহাম্মদ হোসেন, সাবেক বিভাগীয় প্রকৌশলী মো. কামরুল আলম এবং সাবেক বিভাগীয় প্রকৌশলী সাদিকুর রহমান খান।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি অ্যাডভোকেট রেজাউল করিম রনি জানান, মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য, নথিপত্র ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা করে আদালত অভিযোগকে সন্দেহাতীতভাবে প্রমাণিত বলে মনে করেন।

মামলার নথি অনুযায়ী, বিটিটিবির চট্টগ্রাম কার্যালয়ে দায়িত্ব পালনকালে অর্থ আত্মসাৎ, জালিয়াতি ও হিসাব জাল করার অভিযোগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। দীর্ঘ তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে আদালত তাদের দোষী সাব্যস্ত করে এ রায় দেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ