Views Bangladesh Logo

সম্পদ বিবরণী দাখিল না করায় এস কে সুরের স্ত্রী সুপর্ণার ২ বছরের কারাদণ্ড

সম্পদের হিসাব দাখিল না করার মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর স্ত্রী সুপর্ণা সুর চৌধুরীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মো. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে আদালতের আদেশ অনুযায়ী সাজা পরোয়ানাসহ তাকে আবার কারাগারে পাঠানো হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর শাহ মো. নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুদকের করা মামলায় বিচারিক কার্যক্রম শেষে আদালত সুপর্ণা সুর চৌধুরীকে দোষী সাব্যস্ত করে এ সাজা দেন।

মামলার নথি অনুযায়ী, জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগের পরিপ্রেক্ষিতে সুপর্ণা সুর চৌধুরী এবং তার স্বামী এস কে সুরের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদ, দায়-দেনা এবং আয়ের উৎসসহ বিস্তারিত তথ্য দাখিলের নির্দেশ দেওয়া হয়।

২০২৪ সালের ২৭ অক্টোবর সুপর্ণা সুর নিজ স্বাক্ষরে সম্পদ বিবরণী দাখিলের আদেশ ও নির্ধারিত ফরম গ্রহণ করেন। কিন্তু আইন অনুযায়ী নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে তিনি ওই সম্পদ বিবরণী জমা দেননি। পরে এ ঘটনায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মামলা করেন।

মামলাটি তদন্তের পর ২০২৫ সালের ২৯ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপসহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা এ এম তাহের। এরপর চলতি বছরের ৩ ফেব্রুয়ারি আদালত সুপর্ণার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের মোট পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার মামলাটির রায় ঘোষণা করা হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ