Views Bangladesh Logo

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে

রাজধানীর গুলিস্তানের জিপিও এলাকায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক ২৭ জনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন। এর আগে শনিবার বিকেলে জাসদ কার্যালয় থেকে তাদের আটক করে পুলিশ।

আদালতে দেওয়া পুলিশের ফরওয়ার্ডিং প্রতিবেদনে বলা হয়, আটক ব্যক্তিরা জাসদ কার্যালয়ের ভেতরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অস্থিতিশীল ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। পরে পুলিশ সদস্য ও স্থানীয় লোকজনের সহায়তায় শনিবার বিকেল ৪টা ১০ মিনিটের দিকে তাদের আটক করা হয়।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কেন ঘটনাস্থলে এসেছিলেন, সে বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। পুলিশের প্রাথমিক ধারণা, তারা আমলযোগ্য কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকতে পারেন।

জানা গেছে, শনিবার বিকেলে জাসদের প্রতিনিধি সভা চলার সময় যুবদলের কেন্দ্রীয় নেতা রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে একদল লোক দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। নয়নের দাবি, সভায় অংশ নেওয়া কয়েকজন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাসদ কার্যালয় থেকে প্রায় ২৭৮ জনকে আটক করে। তাদের পরিচয় যাচাই ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রোববার অন্তত ২৫০ জনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

তবে আটক ২৭ জনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ