Views Bangladesh Logo

এনবিআরের সাবেক চেয়ারম্যান মুনীমসহ দুজনের ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনীম ও সাবেক প্রথম সচিব ঈদতাজুল ইসলামের ২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি শেষে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। দুদকের প্রসিকিউটর তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে দুদকের পক্ষে আবেদনটি করেন সংস্থাটির উপপরিচালক মো. সাইদুজ্জামান। আবেদনে বলা হয়, মুনীম ও ঈদতাজুলের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। এ বিষয়ে অনুসন্ধানের জন্য দুদকের পক্ষ থেকে দুই সদস্যের একটি টিম গঠন করা হয়েছে।

অনুসন্ধানকালে তাদের বিভিন্ন ব্যাংক হিসাবে সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়ার কথা আবেদনে উল্লেখ করেছে দুদক। একই সঙ্গে বিশ্বস্ত সূত্রে কমিশন জানতে পেরেছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন উপায়ে এসব হিসাবে থাকা অর্থসহ অন্যান্য অস্থাবর সম্পদ হস্তান্তর বা সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

দুদকের আবেদনে আরও বলা হয়, অনুসন্ধান শেষ হওয়ার আগে ব্যাংক হিসাবে থাকা অর্থ বা অন্য কোনো অস্থাবর সম্পদ স্থানান্তর, রূপান্তর কিংবা অন্যভাবে সরিয়ে ফেলা হলে তদন্ত কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে। এতে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট সম্পদের অবস্থান শনাক্ত ও অনুসন্ধানের কাজ জটিল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

এ কারণে অনুসন্ধান কার্যক্রমের স্বার্থে মুনীম ও ঈদতাজুলের নামে থাকা সংশ্লিষ্ট ২৫টি ব্যাংক হিসাব অবিলম্বে অবরুদ্ধ করার প্রয়োজনীয়তা তুলে ধরে আদালতের কাছে আবেদন করে দুদক। শুনানি শেষে আদালত ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করার নির্দেশ দেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ