ইউরোপে ১২ টন কিটক্যাট চুরি: ইস্টারের আগে বাজারে ঘাটতির আশঙ্কা
ইউরোপে পরিবহনের সময় কিটক্যাট চকলেটের একটি বড় চালান চুরি হয়েছে, যার ফলে আসন্ন ইস্টার উৎসবকে সামনে রেখে বাজারে ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, গত ২৬ মার্চ প্রায় ৪ লাখ ১৩ হাজার ৭৯৩টি কিটক্যাট বার, যার মোট ওজন প্রায় ১২ টন, একটি ট্রাক থেকে চুরি হয়ে যায়।
চুরি হওয়া ট্রাকটি ইতালির একটি কারখানা থেকে পোল্যান্ডের দিকে যাচ্ছিল। পথে অজ্ঞাতপরিচয় চোরেরা পুরো চালানটি লুট করে নেয়। এখন পর্যন্ত ট্রাক বা চকলেটের কোনো সন্ধান পাওয়া যায়নি।
কিটক্যাটের মূল কোম্পানি নেসলে জানিয়েছে, তারা স্থানীয় কর্তৃপক্ষ ও সরবরাহকারী সংস্থার সঙ্গে মিলে বিষয়টি তদন্ত করছে। কোম্পানির আশঙ্কা, এসব পণ্য অবৈধ বাজারে বিক্রি হতে পারে। তবে প্রতিটি চকলেটে থাকা ব্যাচ কোডের মাধ্যমে শনাক্ত করার ব্যবস্থা রয়েছে বলে জানানো হয়েছে।
নেসলে আরও জানায়, চুরি হওয়া চালানটি ছিল কিটক্যাটের নতুন ফর্মুলা ওয়ান (এফ১) থিমযুক্ত সিরিজ, যা রেসিং কার আকৃতির বিশেষ সংস্করণ।
এ ঘটনায় নেসলে মজার ছলে তাদের বিখ্যাত স্লোগান ব্যবহার করে বলেছে, সাধারণত তারা মানুষকে “কিটক্যাটের সঙ্গে একটু বিরতি নিতে” উৎসাহিত করে, কিন্তু চোরেরা বিষয়টিকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে ১২ টনের বেশি চকলেট নিয়েই ‘বিরতি’ নিয়েছে।
কোম্পানি ও আইনশৃঙ্খলা বাহিনী এখন চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে এবং পণ্য উদ্ধারে তদন্ত চালিয়ে যাচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে