Views Bangladesh Logo

আয়ারল্যান্ডে ঐতিহাসিক প্রাসাদ কিনলেন মার্ক জাকারবার্গ

আয়ারল্যান্ডের কাউন্টি ওয়াটারফোর্ডে অবস্থিত ৪৪০ একর (১৭৮ হেক্টর) আয়তনের ঐতিহাসিক স্ট্রানক্যালি ক্যাসেল কিনেছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যান। আইরিশ সফরের সময় পরিবারের থাকার জন্য গথিক স্থাপত্যশৈলীর এই প্রাসাদ ও আশপাশের জমি ব্যবহার করবেন তারা।

সম্পত্তিটির সুনির্দিষ্ট বিক্রয়মূল্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে আইরিশ টাইমসের আনুমানিক হিসাব অনুযায়ী, এর বাজারমূল্য ২ কোটি থেকে ৩ কোটি ইউরোর মধ্যে হতে পারে—যা জাকারবার্গের ৩৮৭ ফুট দীর্ঘ সুপারইয়টের মূল্যের প্রায় ১০ শতাংশ।

১৮৩০ সালে সাবেক কনজারভেটিভ এমপি জন কেইলির জন্য নির্মিত হয় এই স্ট্রানক্যালি ক্যাসেল। স্থপতি জেমস ও জর্জ রিচার্ড পেইনের নকশায় নির্মিত বিশাল এই প্রাসাদের পরিধি এতটাই বিস্তৃত যে, ডাইনিং রুম থেকে দ্রুত হেঁটে রান্নাঘরে যেতেও প্রায় সাড়ে চার মিনিট সময় লেগে যায়। 'দ্য হাউসেস অব আয়ারল্যান্ড' গ্রন্থে এই প্রাসাদের বিশদ বর্ণনা দেওয়া হয়েছে।

ঐতিহাসিক এই সম্পত্তি অধিগ্রহণ প্রসঙ্গে গত বৃহস্পতিবার জাকারবার্গের এক মুখপাত্র বলেন, ঐতিহাসিক এই বাড়ির যত্ন নেওয়া অব্যাহত রাখতে পেরে মার্ক ও তার পরিবার আনন্দিত। তারা আয়ারল্যান্ডে সময় কাটানোর অপেক্ষায় রয়েছেন।

২০০০ সালের শুরুর দিকে লন্ডনভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান আরএবি ক্যাপিটালের সহপ্রতিষ্ঠাতা মাইকেল অ্যালেন-বাকলি ও তার স্ত্রী জিয়ানকার্লা এস্টেটটি কিনে নেন এবং ব্যাপক সংস্কারকাজ পরিচালনা করেন। দীর্ঘ ২৫ বছর মালিকানা ধরে রাখার পর সম্প্রতি তারা জাকারবার্গ পরিবারের কাছে এটি বিক্রি করেন। সাবেক মালিকরা এক বিবৃতিতে স্ট্রানক্যালি ক্যাসেল সুরক্ষা ও পুনরুদ্ধারের সুযোগ পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আশা প্রকাশ করেন যে, নতুন মালিকরা টেকসই উপায়ে এর উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ অব্যাহত রাখবেন।

আয়ারল্যান্ডের ন্যাশনাল বিল্ট হেরিটেজ সার্ভিসের তথ্যমতে, ক্যাসেলটির স্থাপত্য এবং পাথরের সূক্ষ্ম কারুকাজ অত্যন্ত মানসম্মত। আয়ারল্যান্ডের ঐতিহাসিক ব্ল্যাকওয়াটার উপত্যকা অঞ্চলটি বিশিষ্ট উদ্যোক্তাদের পছন্দের তালিকায় রয়েছে। এর আগে ২০২৪ সালে ডাইসন ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা জেমস ডাইসন ব্যালিনাট্রে হাউজ এবং ২০২১ সালে প্রযুক্তি প্রতিষ্ঠান স্ট্রাইপের সহপ্রতিষ্ঠাতা জন কলিসন কাউন্টি লাওসের অ্যাবে লেইক্স এস্টেট কেনেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ