Views Bangladesh Logo

দলীয় প্রধানের পদ ছাড়লেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

সরকার ও রাজনৈতিক দলকে পৃথক রাখার লক্ষ্যে দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি। তিনি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন।

শনিবার (৪ এপ্রিল) রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নিজেই এ ঘোষণা দেন।

সাকি বলেন, সরকার ও দলকে সাংগঠনিকভাবে আলাদা রাখার স্বার্থেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তার পদত্যাগের পর দলটির ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারীর দায়িত্ব গ্রহণ করেছেন দেওয়ান আবদুর রশিদ নিলু।

সংবাদ সম্মেলনে তিনি ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন প্রসঙ্গেও কথা বলেন। এ বিষয়ে তিনি জানান, সনদ বাস্তবায়নের বিষয়ে আলোচনা চলমান থাকলেও শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ দলের মতামতই গুরুত্ব পাবে।

উল্লেখ্য, গত বছরের ৩ নভেম্বর সাভারে অনুষ্ঠিত দলের পঞ্চম জাতীয় সম্মেলনে সাকি পুনরায় প্রধান সমন্বয়কারী নির্বাচিত হন। ওই সম্মেলনে ৫৫ সদস্যের একটি নতুন নির্বাহী কমিটিও গঠন করা হয়।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক হিসেবে ‘মাথাল’ প্রতীক নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাকি। পরে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় তিনি পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ