Views Bangladesh Logo

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিলের রায় বুধবার

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ১০ বছরের সাজার বিরুদ্ধে আপিলের রায় বুধবার (১৫ জানুয়ারি) ঘোষণা করা হবে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) শুনানি শেষে রায়ের জন্য এই দিন ধার্য করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ।

২০২৪ সালের ১১ নভেম্বর আপিল বিভাগ খালেদা জিয়ার লিভ টু আপিল মঞ্জুর করে তার সাজা স্থগিত করেন এবং দুই সপ্তাহের মধ্যে আপিলের সারসংক্ষেপ দাখিলের নির্দেশ দেন।

এর আগে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ । এছাড়া মামলার অন্য পাঁচ আসামিরা হলেন-তারেক রহমান, কামাল উদ্দিন সিদ্দিকী, কাজী সালিমুল হক কামাল, শরফুদ্দিন আহমেদ এবং মমিনুর রহমানকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ২ কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়। সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে তাদের এই সাজা দেয়া হয়।

বিচারিক আদালতের এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া, কাজী সালিমুল হক কামাল ও শরফুদ্দিন আহমেদ। ২০১৮ সালের ৩০ অক্টোবর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার সাজা পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করেন।

এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন খালেদা জিয়া। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে গঠিত বেঞ্চ এ মামলার শুনানি নিয়ে খালেদার সাজা স্থগিত করেন এবং পূর্ণাঙ্গ আপিলের প্রক্রিয়া চালানোর নির্দেশ দেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা নিয়ে রাজনৈতিক ও আইনি অঙ্গনে ব্যাপক আলোচনা হয়েছে। আদালতের রায়ের মাধ্যমে মামলার চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে দেশবাসী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ