Views Bangladesh Logo

আম্বানিকে ছাড়িয়ে এশিয়ার দ্বিতীয় শীর্ষ ধনী ঝ্যাং ইমিং

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ByteDance-এর সহ-প্রতিষ্ঠাতা ঝ্যাং ইমিং এশিয়ার দ্বিতীয় শীর্ষ ধনী ব্যক্তি হিসেবে উঠে এসেছেন। মুকেশ আম্বানিকে পেছনে ফেলে তিনি এই অবস্থান অর্জন করেছেন বলে জানিয়েছে Bloomberg-এর বিলিয়নিয়ার্স সূচক।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স অনুযায়ী, ঝ্যাং ইমিংয়ের বর্তমান সম্পদের পরিমাণ ৯২ দশমিক ৮ বিলিয়ন ডলার। এর মাধ্যমে তিনি শুধু এশিয়ার দ্বিতীয় ধনীই নন, বর্তমানে চীনের সবচেয়ে ধনী ব্যক্তিও।

২০১৯ সালের মার্চে ব্লুমবার্গ প্রথম যখন তার সম্পদের হিসাব শুরু করে, তখন তার সম্পদের পরিমাণ ছিল ১৩ বিলিয়ন ডলার। মাত্র সাত বছরে সেই সম্পদ সাত গুণেরও বেশি বেড়েছে।

সম্প্রতি একদিনেই তার সম্পদ প্রায় ২৪ বিলিয়ন ডলার বৃদ্ধি পায়। মূলত ব্ল্যাকরক, ফিডেলিটি ইনভেস্টমেন্টস এবং টি. রো প্রাইসের মতো বড় বিনিয়োগ প্রতিষ্ঠানের মূল্যায়নের ভিত্তিতে বাইটড্যান্সের বাজারমূল্য পুনর্মূল্যায়ন করায় এই উল্লম্ফন ঘটে।

৪৩ বছর বয়সী ঝ্যাং ইমিং ২০১২ সালে বেইজিংয়ের একটি ছোট অ্যাপার্টমেন্ট থেকে বাইটড্যান্স প্রতিষ্ঠা করেন। প্রথমে ‘তৌতিয়াও’ নামের একটি সংবাদ অ্যাগ্রিগেটর অ্যাপ চালু করলেও পরে ‘দৌইন’ এবং আন্তর্জাতিক বাজারে তার সংস্করণ TikTok বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায়।

২০২১ সালে তিনি কোম্পানির প্রধান নির্বাহী ও চেয়ারম্যানের পদ ছাড়লেও এখনও প্রতিষ্ঠানটির বড় শেয়ারহোল্ডার। বিভিন্ন নথি অনুযায়ী, তার মালিকানায় বাইটড্যান্সের প্রায় ২১ শতাংশ শেয়ার রয়েছে।

বিশ্লেষকদের মতে, টিকটকের বৈশ্বিক জনপ্রিয়তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বাইটড্যান্সের দ্রুত সম্প্রসারণ ঝ্যাংয়ের সম্পদ বৃদ্ধির প্রধান কারণ।

প্রতিষ্ঠানটির এআই চ্যাটবট Doubao ইতোমধ্যে ৩০ কোটির বেশি মাসিক ব্যবহারকারী অর্জন করেছে, যা চীনের সবচেয়ে জনপ্রিয় এআই চ্যাটবট হিসেবে পরিচিত।

এছাড়া চলতি বছর চীনের এআই খাতে প্রায় ৭০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে বাইটড্যান্স।

বর্তমানে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি রয়েছেন গৌতম আদানি। তার সম্পদের পরিমাণ ১১৭ দশমিক ৪ বিলিয়ন ডলার।

অন্যদিকে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির সম্পদ কমে দাঁড়িয়েছে ৮৬ দশমিক ৯ বিলিয়ন ডলারে। বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা ও ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে চলতি বছর তার সম্পদ প্রায় ২০ দশমিক ৮ বিলিয়ন ডলার কমেছে।

তালিকার চতুর্থ স্থানে রয়েছেন তাদাশি ইয়ানাই, যার সম্পদের পরিমাণ ৭২ দশমিক ৫ বিলিয়ন ডলার। পঞ্চম স্থানে আছেন মাসায়োশি সন, যার সম্পদের পরিমাণ ৭২ বিলিয়ন ডলার।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ