Views Bangladesh Logo

পুতিনকে খোলা চিঠি, যুদ্ধ অবসানে সরাসরি বৈঠকের প্রস্তাব জেলেনস্কির

চার বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-কে সরাসরি বৈঠকের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার (৪ জুন) প্রকাশিত এক খোলা চিঠিতে তিনি এ প্রস্তাব দেন।

জেলেনস্কির কার্যালয় জানিয়েছে, পুতিনের উদ্দেশে লেখা ওই চিঠির অনুলিপি যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কাছেও পাঠানো হয়েছে।

চিঠিতে জেলেনস্কি দাবি করেন, মূল্যস্ফীতি, জ্বালানি সংকট এবং ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রভাবে রাশিয়ার সাধারণ জনগণের বড় একটি অংশ যুদ্ধ নিয়ে ক্লান্ত হয়ে পড়েছে এবং শান্তি চায়।

তিনি বলেন, বর্তমানে ওয়াশিংটনের দৃষ্টি মধ্যপ্রাচ্যের সংকট, বিশেষ করে ইরান পরিস্থিতির দিকে বেশি নিবদ্ধ। তাই ইউরোপের যুদ্ধ আবার আন্তর্জাতিক অগ্রাধিকারে ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করা ঠিক হবে না।

জেলেনস্কির মতে, শান্তি আলোচনার সূচনা হতে হবে সরাসরি যুদ্ধক্ষেত্র থেকে। তিনি আলোচনার পুরো সময়ের জন্য পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে বলেন, এটি আন্তর্জাতিক কূটনীতির স্বাভাবিক প্রক্রিয়া। একই সঙ্গে যুদ্ধবিরতি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের সক্ষমতার কথাও উল্লেখ করেন তিনি।

সরাসরি বৈঠকের জন্য একটি নির্দিষ্ট তারিখ নির্ধারণের আহ্বান জানিয়ে জেলেনস্কি নিরপেক্ষ ভেন্যু হিসেবে সুইজারল্যান্ড, তুরস্ক এবং আরব বিশ্বের বিভিন্ন দেশের নাম প্রস্তাব করেন।

চিঠিতে তিনি লেখেন, ‘ইউক্রেন আমাদের দুজনের সরাসরি সংলাপের মাধ্যমে এই যুদ্ধের অবসান চায়। আমি আপনাকে একটি বৈঠকের প্রস্তাব দিচ্ছি। তবে আপনি যদি ব্যক্তিগতভাবে এই যুদ্ধ শেষ করার সিদ্ধান্তে না পৌঁছান, তাহলে ইউক্রেন তার অস্তিত্ব রক্ষার লড়াই চালিয়ে যাবে।’

পুতিনের উদ্দেশে সতর্কবার্তাও দেন জেলেনস্কি। তিনি বলেন, রাশিয়ার ইতিহাস প্রমাণ করে—যখন জনগণ যুদ্ধ ও সংকটে ক্লান্ত হয়ে পড়ে, তখন বড় ধরনের পরিবর্তন আসে।

এদিকে ক্রেমলিন জানিয়েছে, তারা জেলেনস্কির চিঠি পেয়েছে এবং এর বিষয়বস্তু সম্পর্কে প্রেসিডেন্ট পুতিনকে অবহিত করা হবে।

অন্যদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, চিঠিটি আনুষ্ঠানিক কূটনৈতিক চ্যানেলের মাধ্যমেও রাশিয়ার কাছে পাঠানো হবে। তিনি এটিকে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি ‘গুরুত্বপূর্ণ ও আন্তরিক প্রস্তাব’ বলে উল্লেখ করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ