জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানোর ব্যাপারে আলোচনা হয়েছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
বহুল আলোচিত ইসলামি বক্তা ডা. জাকির নায়েককে দেশটির কাছে হস্তান্তরের বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে অবস্থানকালে এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান আনোয়ার। তিনি বলেন, মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে জাকির নায়েককে ভারতের কাছে ফেরত পাঠানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে এসেছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও আলোচনার সংবেদনশীলতার কারণে বিষয়টি নিয়ে প্রকাশ্যে বিস্তারিত কিছু বলা হচ্ছে না। তবে ভারত ও মালয়েশিয়ার মধ্যে পারস্পরিক আস্থা বজায় রাখার ক্ষেত্রে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।
আনোয়ার ইব্রাহিম জানান, জাকির নায়েককে ফেরত নেওয়ার বিষয়ে ভারতের অবস্থান মালয়েশিয়া বুঝতে পারছে। তবে এ ক্ষেত্রে দেশটির প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে। সিদ্ধান্ত নেওয়ার সময় আইনের শাসন এবং ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক—দুই বিষয়ই বিবেচনায় রাখা হবে।
২০১৬ সালে ভারত ছাড়ার পর মালয়েশিয়ায় বসবাস শুরু করেন জাকির নায়েক। পরে তিনি দেশটিতে স্থায়ী বসবাসের অনুমতি পান। এরপর তাকে ভারতে ফেরত পাঠানোর জন্য নয়াদিল্লি মালয়েশিয়ার কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানায়। তবে এ বিষয়ে পর্যাপ্ত ও নির্ভরযোগ্য তথ্য-প্রমাণের প্রয়োজনীয়তার কথা বলে আসছে মালয়েশিয়া।
মালয়েশিয়াতেও বিভিন্ন সময়ে জাকির নায়েককে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে ২০১৯ সালে দেশটির সংখ্যালঘু জাতিগোষ্ঠী নিয়ে মন্তব্যের পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। পরে ওই মন্তব্যের জন্য ক্ষমা চান। ফলে তাকে ভারতে হস্তান্তরের বিষয়টি এখন আইনি প্রক্রিয়া, প্রমাণ এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সমন্বয়ের ওপরই নির্ভর করছে।
সূত্র: এনডিটিভি
মতামত দিন