Views Bangladesh Logo

তরুণ ভোটারদের সঙ্গে জাইমার ‘চায়ের আড্ডা’

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান রাজধানীতে তরুণ ভোটারদের সঙ্গে ব্যতিক্রমধর্মী ‘চায়ের আড্ডা’য় অংশ নিয়েছেন। হাসি, কৌতূহল ও শেখার আগ্রহে ভরপুর এই আয়োজনে তরুণদের রাজনৈতিক সচেতনতা, ভোটাধিকার, সামাজিক মাধ্যমে রাজনৈতিক অংশগ্রহণ এবং ভবিষ্যৎ ঢাকা নিয়ে তাদের ভাবনা উঠে আসে।

সোমবার রাজধানীর বনানী ডিওএইচএস খেলার মাঠে ‘চায়ের আড্ডা’ শিরোনামে এ ইন্টারেক্টিভ যুব সম্পৃক্ততা অনুষ্ঠানের আয়োজন করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কনটেন্ট জেনারেশন টিম। অনুষ্ঠানে প্রতিটি টেবিলে গিয়ে তরুণদের সঙ্গে সরাসরি কথা বলেন জাইমা রহমান।

আলোচনায় তরুণরা সামাজিক মাধ্যমের সুবিধা-অসুবিধা, ঢাকায় খেলাধুলার জায়গার অভাব, পারিবারিক সময়ের সংকটসহ নানা বিষয় তুলে ধরেন। জবাবে জাইমা রহমান বলেন, ঢাকায় কমিউনিটি সেন্টার ও পার্ক বাড়ানো গেলে মানুষ মেলামেশার সুযোগ পাবে, যা নিরাপত্তার দিক থেকেও ইতিবাচক ভূমিকা রাখবে এবং মানুষ মোবাইলনির্ভরতা থেকে কিছুটা বেরিয়ে আসতে পারবে।

সামাজিক মাধ্যমে নারীর মতপ্রকাশ ও স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, নারীরা অনেক সময় মত প্রকাশের সাহস পান না। স্কুল পর্যায় থেকে সচেতনতা তৈরি করা জরুরি উল্লেখ করে তিনি বলেন, শুধু আইন করলেই হবে না—মানুষকে তা জানতে ও বুঝতে হবে। এ ক্ষেত্রে সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করার কথাও বলেন তিনি।

ঢাকার যানজট, বায়ুদূষণ, গাছ কমে যাওয়া, খাল-বিল দখল, ট্রাফিক সিগন্যাল অমান্য এবং ফুটপাতে গাড়ি চালানোর মতো বিষয় নিয়েও আলোচনা হয়। জাইমা রহমান বলেন, এসব সমস্যা সমাধানে সবার সচেতনতা ও দায়িত্বশীলতা প্রয়োজন।

শহর ও গ্রামের শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য, দরিদ্র পরিবারের সন্তানদের শিক্ষাব্যবস্থায় পিছিয়ে পড়া এবং পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিভাজন নিয়েও তরুণরা মত দেন। স্কুলের শ্রেণিকক্ষের অবকাঠামোগত দুরবস্থার কথাও উঠে আসে আলোচনায়।

এক তরুণের প্রশ্নের জবাবে জাইমা রহমান বলেন, দীর্ঘ সময় পর দেশে এসে তরুণদের নতুনভাবে দেখছেন তিনি। তার ভাষায়, বাংলাদেশে সবার মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে, এটি যেন হারিয়ে না যায়। তিনি বলেন, সবার লক্ষ্য একই—মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করা। একা নয়, সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে নারীদের চলাফেরা ও কর্মক্ষেত্রে নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচনা করেন অংশগ্রহণকারীরা এবং জাইমা রহমান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ